প্রশাসনের একটি অংশ গোপনে মবকে পৃষ্ঠপোষকতা করছে—এমন অভিযোগ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে আর কোনোভাবেই মব সৃষ্টির বা মবকে প্রশ্রয় দেওয়ার সুযোগ দেওয়া হবে না। প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে এবং ভুল কাজে ব্যবহার করা যাবে না বলেও তিনি সতর্ক করে দেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
মন্ত্রী বলেন, “একটি গ্রুপ মবকে প্রশ্রয় দিচ্ছে। প্রশাসনের একটি পক্ষ এতে সায় দিচ্ছে। কিন্তু এটা চলতে পারে না। দেশে আর মব প্রশ্রয় দেওয়া হবে না। প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। প্রশাসনকেও সচেতন থাকতে হবে।”
তিনি আরও বলেন, প্রশাসনকে ভুল কাজে ব্যবহার করার চেষ্টা হলে তা প্রতিহত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
গণমাধ্যম ও গণতন্ত্রের সম্পর্ক তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, “একটা দেশে গণতন্ত্র চলতে পারে না, যদি সে দেশে স্বাধীন গণমাধ্যম না থাকে। আবার গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে না, যদি সেখানে জবাবদিহিতা না থাকে।” শুধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেই যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, সুন্দর সমাজ গড়তে হলে সুস্পষ্ট পরিকল্পনা থাকতে হবে।
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, “গণমাধ্যমকে সঠিক ও সুষ্ঠুভাবে কাজ করতে দিতে হবে। গণমাধ্যমকে কুক্ষিগত করতে দেওয়া হবে না। আমি গণমাধ্যমের অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছি। গণমাধ্যমের ওপর কোনো গোষ্ঠীকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।”
রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, “আমরা আন্দোলন করেছি—এটা কোনো পেশা নয়। আমাদের আন্দোলন বাধ্য করা হয়েছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। আমরা এমন কোনো কাজ করবো না, যাতে আমাদের বিরুদ্ধে কেউ আন্দোলনের সুযোগ পায়।”
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নারীদের পিছিয়ে রেখে কোনোভাবেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এ কারণেই সরকার ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে। তিনি জানান, আগামী মাস থেকেই এই কার্ড বিতরণ শুরু হবে।
জহির উদ্দিন স্বপন বলেন, “দেশে ৪ কোটি ১০ লাখ পরিবার রয়েছে। প্রতিটি পরিবারে পর্যায়ক্রমে এই কার্ড পৌঁছাতে পারলে নারীরা পরিবারে আরও ক্ষমতায়িত হবেন।”
আলোচনা সভা শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বরিশাল প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তিনি বলেন, সময়ের সঙ্গে গণমাধ্যমের চরিত্র ও কাঠামো বদলাচ্ছে। গণমাধ্যমকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে সাংবাদিকদের মতামত চান তিনি।
বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। সভায় আরও বক্তব্য দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলী, পুলিশ সুপার ফারজানা ইসলাম, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবদুল হান্নান, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, এবায়দুল হক চাঁনসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা মহান ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে গণতন্ত্র, আইনের শাসন ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।