মাদকের বিস্তার রোধে তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন যশোর জেলা ইমাম পরিষদ আয়োজিত আলোচনা সভার বক্তারা। তাঁরা বলেছেন, যুবসমাজের মধ্যে মাদকের বিস্তার শুধু ব্যক্তিগত বা পারিবারিক সংকট নয়, এটি সমাজ ও দেশের ভবিষ্যতের জন্যও বড় হুমকি। এ পরিস্থিতি মোকাবিলায় নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
শনিবার (১০ অক্টোবর) যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে ‘মাদকের বিস্তার রোধ ও যুব সমাজের নৈতিক শিক্ষা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা ইমাম পরিষদ এ সভার আয়োজন করে।
জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সভা সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকার মোহাম্মদপুরের জামি’আতুল উলূমিল ইসলামিয়া ও ইনসাফ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শায়খুল হাদিস মাওলানা আ ব ম সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং ইসলামি চিন্তাবিদ, লেখক ও গবেষক মাওলানা শরীফ মোহাম্মদ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ মুহাদ্দিস আল্লামা কবীর আহমাদ।
মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের বিস্তার তরুণদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি তাদের শিক্ষা, কর্মজীবন ও পারিবারিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে শুধু আইন প্রয়োগের ওপর নির্ভর না করে নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতার ওপরও গুরুত্ব দিতে হবে।
তাঁরা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একই সঙ্গে ধর্মীয় ও সামাজিক নেতৃত্বকে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে সক্রিয় হতে হবে।
বক্তারা আরও বলেন, সমাজে নৈতিক অবক্ষয় রোধ এবং মাদকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণদের রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। এ ক্ষেত্রে ইমাম, খতিব, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ
আলোচনা সভায় যশোরের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, মাদ্রাসার শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মান্নান, মুফতি মুজিবুর রহমান, মাওলানা রুহুল আমীন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা নাছীরুল্লাহ, মাওলানা নাজির উদ্দীন, মুফতি শামছুর রহমান, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি হাফিজুর রহমান, মুফতি কামরুল আনোয়ার নাঈম, মুফতি আছুর রহমান এযাযী, মুফতি আমানুল্লাহ কাসেমী ও মুফতি উবায়দুল্লাহ শাকির।
সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে নৈতিক শিক্ষার প্রসার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।



