রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় মিয়ানমারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, আদালতের রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক। এটি অমান্য করার সুযোগ নেই। রায় বাস্তবায়ন না করলে মিয়ানমারকে আন্তর্জাতিক পর্যায়ে পরিণতির মুখোমুখি হতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। আগের দিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেন।
সকাল পৌনে ৯টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান খলিলুর রহমান। এ সময় রোহিঙ্গা শরণার্থীরা তাঁকে স্বাগত জানান। তিনি তাঁদের সঙ্গে কথা বলেন এবং দীর্ঘদিনের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা ও নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা শোনেন।
রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত
রোহিঙ্গাদের উদ্দেশে খলিলুর রহমান বলেন, ‘আজ সকালে আমি একটি বিশেষ সময়ে, বিশেষ দিনে এবং ঐতিহাসিক মুহূর্তে ক্যাম্পে এসেছি। গতকাল আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার মামলায় রায় দিয়েছেন।’
২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত।
২০১৯ সালের নভেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে মামলাটি দায়ের করে।
বৃহস্পতিবার আদালতের ১৫ বিচারকের মধ্যে ৯ জন মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের পক্ষে রায় দেন। অন্য ছয়জন বিচারক ভিন্নমত পোষণ করেন।
রায়ে গণহত্যা প্রতিরোধ, অপরাধীদের বিচারের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের প্রতিকার নিশ্চিত করতে মিয়ানমারকে নির্দেশ দেওয়া হয়েছে।
রায় বাস্তবায়ন না করলে আন্তর্জাতিক পদক্ষেপ
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায় মেনে চলা মিয়ানমারের আইনগত বাধ্যবাধকতা। এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।
তিনি জানান, জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক বিচার আদালতের রায় বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট রাষ্ট্র বাধ্য। কোনো রাষ্ট্র রায় কার্যকর না করলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপনের সুযোগ রয়েছে।
খলিলুর রহমান বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। অপরাধ প্রমাণিত হলে তাঁদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।
আদালতের রায় বাস্তবায়নে মিয়ানমারের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কেও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, শুধু আদালতের রায় ঘোষণা করলেই রোহিঙ্গাদের জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না। রায়ের নির্দেশনাগুলো বাস্তবে কার্যকর করতে হবে।
নিরাপদ প্রত্যাবাসন ও নাগরিকত্ব নিশ্চিতের দাবি
রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার অধিকার নিয়ে খলিলুর রহমান বলেন, তাঁদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, রাখাইন রাজ্যে ফিরে যাওয়ার পর রোহিঙ্গারা যেন আবারও নির্যাতন, নিপীড়ন ও বৈষম্যের শিকার না হন, সে জন্য নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
প্রত্যাবাসনের পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ঘরবাড়ি, জমি ও সম্পত্তি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাও নিতে হবে।
আদালতের নির্দেশনা অনুযায়ী, যেসব ক্ষতি সম্পত্তি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে পূরণ করা সম্ভব নয়, সেসব ক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে।
এ বিষয়ে গৃহীত ব্যবস্থা এবং ক্ষতিপূরণের পরিকল্পনা জানিয়ে দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও রয়েছে।
খলিলুর রহমান বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন এমন পরিবেশে হতে হবে, যেখানে তাঁরা ভয়ভীতি ছাড়াই নিজেদের অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারবেন।
‘চিরদিন শরণার্থীশিবিরে থাকতে চাই না’
সফরকালে রোহিঙ্গা প্রতিনিধিরা নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন।
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, ‘বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ আমাদের আশ্রয় দিয়ে জীবন বাঁচিয়েছেন। এ জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু আমরা চিরদিন শরণার্থীশিবিরে থাকতে চাই না।’
তিনি বলেন, রোহিঙ্গাদের চূড়ান্ত লক্ষ্য মিয়ানমারে নিজেদের বাড়িঘরে ফিরে যাওয়া। এ জন্য নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
খলিলুর রহমান রোহিঙ্গাদের জানান, তাঁদের দাবি জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের সামনে তুলে ধরা হবে।
রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর প্রতিও আহ্বান জানান তিনি।
আইসিজের রায়ে মিয়ানমারের প্রতিক্রিয়া
এদিকে, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছে মিয়ানমার সরকার।
শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আদালতের সিদ্ধান্ত মিয়ানমারের জন্য গভীর হতাশার।
মিয়ানমার সরকারের দাবি, মামলার বিচারিক কার্যক্রমে তারা সহযোগিতা করেছে এবং নিজেদের অবস্থানের পক্ষে যুক্তি ও তথ্য উপস্থাপন করেছে।
তবে আন্তর্জাতিক বিচার আদালতের রায় অনুযায়ী, ২০১৭ সালে উত্তর রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ড গণহত্যা সনদের লঙ্ঘন।



