বিদেশে পালিয়ে থাকা অপরাধীদের খুঁজে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে পলাতকদের ফিরিয়ে আনার ঘোষণা; শেখ হাসিনার বিচার ও সিলেটে নিজ বাসার সামনে অগ্নিসংযোগ নিয়েও কথা বলেছেন হুমায়ুন কবির

দেশে হত্যা, সন্ত্রাস ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিদের খুঁজে বের করে বাংলাদেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, অপরাধীদের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায় নিজ বাসার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে শুক্রবার ভোরে তাঁর বাসার সামনের গলির প্রবেশপথে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষকে হত্যা করে কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে যারা বিদেশে পালিয়েছেন, তাঁদের প্রত্যেককে খুঁজে বের করা হবে। দেশের আইনশৃঙ্খলা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টায় জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।

পাসপোর্ট নয়, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফেরানো হবে

বিদেশে অবস্থানরত রাজনৈতিক নেতাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, অপরাধের অভিযোগে পলাতক ব্যক্তিদের দেশে ফেরাতে নতুন করে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না।

তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁদের হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ তুলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

বাংলাদেশের জনগণ ও আইনের শাসনই শেখ হাসিনার ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মন্তব্য করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, বিদেশে অবস্থান করে সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে দেশে ফেরার সুযোগ তৈরি করা যাবে না। অপরাধের অভিযোগে পলাতক ব্যক্তিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার আইনগত প্রক্রিয়া অনুসরণ করবে।

আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ। তাদের নেত্রী দল ও পরিবার সব ধ্বংস করেছে। এখানে এখন যারা আছে, তাদেরও ধ্বংস করা শুরু করেছে।’

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেতারা বিদেশে অবস্থান করে দেশে সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন।

দেশের মানুষকে হত্যা এবং রাষ্ট্রের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার সহনশীলতার নীতি অনুসরণ করছে। তবে সন্ত্রাস ও নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাসার সামনের গেটে অগ্নিসংযোগ

শুক্রবার ভোরে সিলেট নগরের দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনের গলির প্রধান ফটকে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।

সিলেট মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে। গলিটির ভেতরে তিন থেকে চারটি বাড়ি রয়েছে। এর মধ্যে একটি বাড়িতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্বজনেরা বসবাস করেন। সিলেটে গেলে তিনিও সেখানে অবস্থান করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন জানান, দুর্বৃত্তরা গেটের কাছে পলিথিন বা কাপড়জাতীয় বস্তুতে আগুন দিয়েছিল। ঘটনায় কেউ হতাহত হননি এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতিও হয়নি।

তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয়ভাবে পেট্রলবোমা নিক্ষেপের দাবি উঠলেও পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে পেট্রলবোমা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি।

‘জয় বাংলা বলেই দৌড়, খুঁজে মিলে না’

নিজ বাসার সামনে অগ্নিসংযোগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে হুমায়ুন কবির বলেন, দুর্বৃত্তরা আগুন দিয়ে দ্রুত পালিয়ে গেছে।

এ প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, ‘জয় বাংলা বলেই দৌড়, খুঁজে মিলে না।’

তিনি বলেন, বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো জায়গা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি তদন্ত করছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

প্রতিমন্ত্রী দাবি করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছেন। তবে সরকার এসব ঘটনায় বিচলিত নয়।

সরকার কোনো চাপে নেই: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, দেশে বৈদেশিক বিনিয়োগ আসছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে। তবে একটি গোষ্ঠী সরকারের এসব কার্যক্রম মেনে নিতে পারছে না।

সাম্প্রতিক সহিংসতার কারণে সরকার কোনো চাপে রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, সরকার কোনো চাপে নেই।

তিনি জানান, বিদেশে পালিয়ে থাকা অপরাধীদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে দেশে সন্ত্রাস ও নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

spot_img
spot_img

অধিক পঠিত

Related Articles