বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ আগামী শনিবার (১০ অক্টোবর) যুক্তরাজ্য থেকে দেশে আনা হবে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডন থেকে তার কফিন নিয়ে ফ্লাইটটি রওনা হবে। শনিবার সকালে সেটি বাংলাদেশে পৌঁছানোর কথা।
দেশে পাঠানোর আগে বৃহস্পতিবার লন্ডনের ব্রিক লেইন জামে মসজিদ প্রাঙ্গণে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ রাখা হবে শ্রদ্ধা নিবেদনের জন্য। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সেখানে স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।
জোহরের নামাজের পর একই মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তৌফিক ইমরোজ খালিদী ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কাজ করেছিলেন। তার সাবেক সহকর্মী এবং লন্ডনের বাংলাদেশি কমিউনিটির সদস্যদের জানাজায় অংশ নেওয়ার কথা রয়েছে।
মরদেহ দেশে পৌঁছানোর পর বাংলাদেশে জানাজা ও দাফনের স্থান এবং সময় পরিবারের পক্ষ থেকে জানানো হবে।
ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা অবস্থায় গত বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তৌফিক ইমরোজ খালিদী। পরে তাকে লন্ডনের সেন্ট বার্থোলোমিউস হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। শুক্রবার স্থানীয় সময় বেলা ২টা ২৩ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
১৯৬৭ সালের ১৪ জুন জন্ম নেওয়া তৌফিক ইমরোজ খালিদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করেন। ১৯৮৯ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন তিনি। কর্মজীবনে দ্য ডেইলি স্টার, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কাজ করেন।
২০০৬ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ অনলাইন সংবাদমাধ্যম হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নেতৃত্ব দেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন তৌফিক ইমরোজ খালিদী।



