রাজবাড়ীতে নিখোঁজ কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বাড়ি থেকে বের হওয়ার তিন দিন পর মেহগনিবাগানের ডোবায় মিলল রোহানের মরদেহ; মৃত্যুর কারণ জানতে তদন্তে পুলিশ

রাজবাড়ীতে নিখোঁজের তিন দিন পর চৌধুরী ফুয়াদ হাসান রোহান (২১) নামে এক কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের একটি মেহগনিবাগানের ভেতরে পানিভর্তি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রোহান রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি দাদশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. রোকনউদ্দিন চৌধুরীর নাতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে বাড়ি থেকে বের হন রোহান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

বৃহস্পতিবার সন্ধ্যায় রোহানের বাড়ির কাছের রঘুনাথপুর গ্রামের একটি মেহগনিবাগানের ভেতরে পানিভর্তি ডোবায় একটি বস্তা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বস্তার ভেতরে মরদেহ রয়েছে বুঝতে পেরে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে রাজবাড়ী সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা থেকে মরদেহ উদ্ধার করে। পরে সেটি নিখোঁজ কলেজছাত্র রোহানের বলে শনাক্ত করা হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোহানের বাড়ির কাছের একটি মেহগনিবাগানের ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

ওসি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। যত দ্রুত সম্ভব মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করা হচ্ছে।

মরদেহ উদ্ধারের খবর পেয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিখোঁজের পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের সন্দেহ তৈরি হয়েছে। তবে রোহানের মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত কোনো তথ্য জানায়নি।

spot_img
spot_img

অধিক পঠিত

Related Articles