সুন্দরবনে বনদস্যুদের ফেলে যাওয়া ৯ অস্ত্র ও ১৪ কার্তুজ উদ্ধার

শ্যালা নদীসংলগ্ন বনে কোস্টগার্ডের বিশেষ অভিযান; উপস্থিতি টের পেয়ে গহিন বনে পালিয়েছে বনদস্যুরা

সুন্দরবনে বনদস্যুদের ফেলে যাওয়া ৯টি অস্ত্র ও ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীসংলগ্ন বনে বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ছয়টি একনলা বন্দুক ও তিনটি এয়ারগান। এ ছাড়া একটি পাইপগানের ট্রিগার এবং ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে, ডাকাতির উদ্দেশ্যে একটি বনদস্যুদল বাগেরহাটের মোংলা থানার অন্তর্গত সুন্দরবনের শ্যালার চর ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে বুধবার রাতে মোংলা কোস্টগার্ডের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গহিন বনের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বন্দুক, এয়ারগান, পাইপগানের ট্রিগার ও কার্তুজ উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, রাতের অন্ধকারে বনদস্যুরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পলাতক ব্যক্তিরা কোন বনদস্যু বাহিনীর সদস্য, তা-ও শনাক্ত করা যায়নি।

spot_img
spot_img

অধিক পঠিত

Related Articles