বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে চড়, জরিমানা গুনছেন মেসি

ফিলাডেলফিয়া ইউনিয়নের কুইন সুলিভানের মাথায় চড় মারার ঘটনায় শাস্তি ইন্টার মায়ামি তারকার; একই ম্যাচে লাল কার্ড দেখা কাভান সুলিভানের নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কুইন সুলিভানের মাথায় চড় মারার ঘটনায় শাস্তি পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) শৃঙ্খলা কমিটি ইন্টার মায়ামি অধিনায়ককে আর্থিক জরিমানা করেছে। তবে জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি।

বুধবার পেনসিলভানিয়ার চেস্টারে সুবারু পার্কে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও ইন্টার মায়ামির ম্যাচে ঘটনাটি ঘটে। উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়।

ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ১০১তম মিনিটে মেসি ও ফিলাডেলফিয়ার কুইন সুলিভানের মধ্যে কথা-কাটাকাটি হয়। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে মেসি হাত দিয়ে সুলিভানের মাথার পেছনের দিকে আঘাত করেন। এরপর দুজন মুখোমুখি অবস্থানে চলে যান। মাঠের রেফারি ঘটনাটি সরাসরি না দেখায় তখন মেসিকে কোনো কার্ড দেখানো হয়নি।

পরে ভিডিও পর্যালোচনা করে এমএলএসের শৃঙ্খলা কমিটি ব্যবস্থা নেয়। প্রতিপক্ষ খেলোয়াড়ের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়াসংক্রান্ত লিগের নীতি লঙ্ঘনের দায়ে মেসিকে অপ্রকাশিত অঙ্কের জরিমানা করা হয়েছে। একই ম্যাচে পৃথক ঘটনায় ইন্টার মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রেকেও একই ধরনের নিয়ম লঙ্ঘনের জন্য জরিমানা করা হয়।

শেষ মুহূর্তে উত্তেজনা

ম্যাচের একেবারে শেষ দিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ফিলাডেলফিয়ার কুইন সুলিভান ও ইন্টার মায়ামির ইয়ান ফ্রে জড়িয়ে পড়ার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ফিলাডেলফিয়ার কাভান সুলিভান এবং মায়ামির ইয়ানিক ব্রাইটও সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ঘটনার জেরে কাভান সুলিভান ও ব্রাইটকে লাল কার্ড দেখানো হয়। তবে ফিলাডেলফিয়া ইউনিয়ন কাভানের লাল কার্ডের বিরুদ্ধে আপিল করে।

শুক্রবার স্বাধীন পর্যালোচনা প্যানেল সর্বসম্মতিক্রমে ফিলাডেলফিয়ার আবেদন মঞ্জুর করে কাভান সুলিভানের এক ম্যাচের নিষেধাজ্ঞা ও সংশ্লিষ্ট জরিমানা প্রত্যাহার করে। ফলে অস্টিন এফসির বিপক্ষে ফিলাডেলফিয়ার পরবর্তী ম্যাচে তার খেলতে আর কোনো বাধা নেই।

পর্যালোচনা প্যানেলে ইউএস সকারের একজন, কানাডা সকারের একজন এবং প্রফেশনাল রেফারি অর্গানাইজেশনের মনোনীত একজন স্বাধীন প্রতিনিধি ছিলেন।

কে এই কুইন সুলিভান

মেসির সঙ্গে ঘটনার কারণে আলোচনায় আসা কুইন সুলিভান ফিলাডেলফিয়া ইউনিয়নের মিডফিল্ডার। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই ফুটবলারের পারিবারিক সূত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে তিনি যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক দলের প্রতিনিধিত্ব করেছেন।

এদিকে মেসিকে জরিমানা করা হলেও তাকে কোনো ম্যাচের জন্য নিষিদ্ধ করেনি এমএলএস। ফলে শাস্তিটি আর্থিক জরিমানাতেই সীমাবদ্ধ থাকছে। জরিমানার অঙ্কও প্রকাশ করেনি লিগ কর্তৃপক্ষ।

spot_img
spot_imgspot_imgspot_img
spot_img

বাছাইকৃত

আরও সংবাদ