সুন্দরবনে ৩ জলদস্যুকে কোষ্টগার্ডে দিলেন জেলেরা, অস্ত্র ও গুলি জব্দ

সুন্দরবনের দুবলার চরে কুখ্যাত জলদস্যু ‘দয়াল বাহিনীর’ তিন সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি একনালা বন্দুক ও ৩৬ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

আটকরা হলেন- দয়াল বাহিনীর সদস্য মো. রহমত মোড়ল (২৬), মো. রবিউল মোল্লা (২৭) এবং মো. জাহাঙ্গীর শেখ (৫১)। এদের বাড়ি বাগেরহাট, খুলনা এবং সাতক্ষীরা জেলায়।

সোমবার রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দয়াল বাহিনী নামে একটি ডাকাত দল দীর্ঘদিন ধরে অস্ত্র দেখিয়ে সুন্দরবনের দুবলার চর এলাকায় চাঁদাবাজি, অপহরণ, ভয়-ভীতি দেখানোসহ বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম চালিয়ে আসছিল।

এতে আরও বলা হয়, সোমবার সকালে ওই জলদস্যু দলের সদস্যরা দুবলার চরে জেলেদের ওপর আক্রমণ করে। জেলেরা নিজেদের আত্মরক্ষায় জলদস্যু দলের সদস্যদের প্রতিহত করে। তাদের দলের সঙ্গে জেলেদের হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে জেলেরা তাদের জাল দিয়ে জলদস্যু দলের তিনসদস্যকে ধরে ফেলে এবং কোস্টগার্ড সদস্যদের কাছে সাহায্য চেয়ে ফোন করে।

পরে খবর পেয়ে তারা (কোস্টগার্ড) দুবলার চরে ছুটে গিয়ে আহত অবস্থায় জলদস্যু দলের তিন সদস্যকে আটক করে এবং অস্ত্র ও গুলি উদ্ধার করে। আটক জলদস্যুদলের সদস্য এবং জব্দ করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

–ভয়েজ অব আমেরিকা

spot_img
spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles