দীর্ঘ ১০ বছরের পথচলার পর বিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের

পারস্পরিক বোঝাপড়ায় কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগোনোর সিদ্ধান্ত; দুই পরিবারের সমর্থনে চলছে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া

দীর্ঘ ১০ বছরের সম্পর্কের পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক বোঝাপড়ায় কিছু বড় পার্থক্যের কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দুজন।

রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলাদা পোস্টে তারা এ সিদ্ধান্তের কথা জানান।

শেহতাজ তার পোস্টে লেখেন, ‘প্রীতম ও আমি একসঙ্গে ১০ বছর পথচলার পর পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’

একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন শেহতাজ। তিনি জানান, একে অপরের প্রতি তাদের শ্রদ্ধা ও যত্ন থাকবে। তবে সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ায় কিছু গুরুত্বপূর্ণ পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে।

দীর্ঘ চিন্তাভাবনা ও বিবেচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে শেহতাজ বলেন, দুই পরিবারের সমর্থন নিয়ে তারা এখন বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছেন।

প্রীতমও আলাদা ফেসবুক পোস্টে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, শেহতাজের প্রতি তার সম্মান ও শুভকামনা সব সময় থাকবে।

জীবনের এই পরিবর্তনের সময়ে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের কাছে ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন তারা।

প্রীতম ও শেহতাজের পরিচয় ২০১৭ সালে। প্রীতমের ‘জাদুকর’ গানের সংগীতচিত্রে কাজ করতে গিয়ে তাদের পরিচয় হয়। পরে সেই পরিচয় প্রেমের সম্পর্কে গড়ায়। প্রায় পাঁচ বছরের প্রেমের পর ২০২২ সালের অক্টোবরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিয়ে করেন তারা।

spot_img
spot_img

অধিক পঠিত

Related Articles