‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’

হবিগঞ্জের চুনারুঘাট থানার এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনের বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে; ঘটনার সত্যতা যাচাই করছে পুলিশ

হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনের ঘুষ নিয়ে করা একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।’

সম্প্রতি স্থানীয় ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্তে চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে যান ইলিয়াস হোসাইন। সেখানে উপস্থিত লোকজনের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে তিনি ওই বক্তব্য দেন বলে জানা গেছে। স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে তার বক্তব্যের ভিডিও ধারণ করেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে ঘুষ নিয়ে এমন মন্তব্যের বিষয়ে জানতে ইলিয়াস হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কথা বলতে চাই না।’

এদিকে ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে এর আগেও ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের টেকারঘাট গ্রামে এক শিশুকে নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ তদন্ত করতে গিয়ে বিবাদীদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ওই ঘটনায় বাদীকে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি এবং প্রাণনাশের ভয় দেখানোর অভিযোগও রয়েছে ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন মাধ্যমে আমিও বিষয়টি জেনেছি। ঘটনার সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে।’

spot_img
spot_img

অধিক পঠিত

Related Articles