ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ। দলীয় সিদ্ধান্তে মনোনয়নপত্র প্রত্যাহার করায় এ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনের প্রতিদ্বন্দ্বিতার পথ পরিষ্কার হয়েছে।
রোববার (৪ অক্টোবর) জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন ওবায়দুল্লাহ মাসুদ। সোমবার (৫ অক্টোবর) তিনি বিষয়টি নিশ্চিত করেন।
ওবায়দুল্লাহ মাসুদ বলেন, ‘বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতি আমরা সব সময় ঐক্যবদ্ধ। দলের বাইরে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি, ভবিষ্যতেও নেব না। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তার পক্ষে কাজ করব।’
তিনি জানান, দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এখন মির্জা ফয়সল আমিনকে বিজয়ী করতে কাজ করবেন।
বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানিয়েছেন, ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে বিএনপির প্রার্থী হিসেবে এখন মির্জা ফয়সল আমিনই রয়েছেন।
গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। তাদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমিন ও ওবায়দুল্লাহ মাসুদ ছিলেন।
দুজনের মনোনয়ন বৈধ হওয়ার পর দলীয় প্রতীক ‘ধানের শীষ’ কে পাচ্ছেন, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল।
ওবায়দুল্লাহ মাসুদ এর আগে জানিয়েছিলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী একই দিনে দুজনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনে দলের চূড়ান্ত প্রার্থীর নাম পাঠানোর পর একজন ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন এবং অন্যজন দলীয় সিদ্ধান্ত মেনে সরে দাঁড়াবেন।
মাসুদের প্রার্থিতা প্রত্যাহারের পর এখন মির্জা ফয়সল আমিন বিএনপির একমাত্র প্রার্থী। তিনি জেলা বিএনপির সভাপতি এবং রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।
মাঠে থাকছেন আরও চার প্রার্থী
বিএনপির বাইরে আরও চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ রয়েছে। তারা হলেন জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার।
২৯ অক্টোবর ভোট
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসনটি ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত। মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আসনের সংসদ সদস্য ছিলেন। গত ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আসনটি শূন্য হয়। পরে ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।



