ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টাকারী প্রায় সব নারী কোনো না কোনো পর্যায়ে ধর্ষণ বা যৌন সহিংসতার শিকার হয়ে থাকতে পারেন বলে দাবি করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ।
রোববার ‘দ্য রেস্ট ইজ পলিটিকস’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। উত্তর ফ্রান্সে অবস্থানরত অভিবাসীদের ওপর মানবপাচারকারী ও অপরাধী চক্রের নিয়ন্ত্রণের প্রসঙ্গ তুলে ধরে তিনি নারী ও শিশুদের ঝুঁকির কথা বলেন।
শাবানা মাহমুদ বলেন, উত্তর ফ্রান্সে যুক্তরাজ্যে যাওয়ার অপেক্ষায় থাকা অভিবাসীদের মধ্যে ‘প্রায় প্রতিটি নারী’ যাত্রার কোনো না কোনো পর্যায়ে ধর্ষণ বা যৌন সহিংসতার শিকার হয়ে থাকতে পারেন।
কিছু পুরুষও যৌন নিপীড়নের শিকার হয়েছেন এবং তাদের হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মানবপাচারকারী চক্রের নিয়ন্ত্রণের অভিযোগ
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় অভিবাসীদের যুক্তরাজ্যে পাঠানোর ক্ষেত্রে মানবপাচারকারী চক্রের বড় ধরনের নিয়ন্ত্রণ রয়েছে।
কারা নৌকায় উঠবেন, কখন যাত্রা শুরু হবে এবং কীভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া হবে—এসব ক্ষেত্রে অপরাধী চক্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান তিনি।
মাহমুদ বলেন, যুক্তরাজ্যের সীমান্ত দিয়ে কারা প্রবেশ করবেন, সেই নিয়ন্ত্রণ মানবপাচারকারীদের হাতে থাকতে পারে না।
চ্যানেল পাড়ি দিতে গিয়ে আরও দুইজনের মৃত্যু
এর মধ্যে ৫ অক্টোবর ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় আরও দুই অভিবাসীর মৃত্যু হয়েছে।
ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৯০ জন অভিবাসী বহনকারী একটি নৌকা সমস্যায় পড়ার খবর পেয়ে উদ্ধারকারী দল সেখানে যায়। দুজনকে গুরুতর অবস্থায় পাওয়া যায়। পরে তাদের মৃত ঘোষণা করা হয়।
একই সময়ে অন্য একটি নৌকা থেকে প্রায় ১৫০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়।
অতিরিক্ত যাত্রীবোঝাই ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় আগেও একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।
যুক্তরাজ্য-ফ্রান্সের অভিবাসন ব্যবস্থা
ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যাওয়া অভিবাসীদের নিয়ন্ত্রণে লন্ডন ও প্যারিসের মধ্যে ‘একজন ফেরত, একজন গ্রহণ’ ব্যবস্থা চালু ছিল।
এর আওতায় ছোট নৌকায় যুক্তরাজ্যে পৌঁছানো নির্দিষ্ট কিছু আশ্রয়প্রার্থীকে ফ্রান্সে ফেরত পাঠানোর বিপরীতে ফ্রান্স থেকে কিছু আশ্রয়প্রার্থীকে বৈধভাবে যুক্তরাজ্যে নেওয়া হতো।
এই ব্যবস্থার আওতায় প্রায় দেড় হাজার মানুষকে ফেরত পাঠানো হয়েছে। তবে একই সময়ে ছোট নৌকায় যুক্তরাজ্যে পৌঁছানো মানুষের সংখ্যা ছিল এর চেয়ে অনেক বেশি।
যুক্তরাজ্য সরকার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও বৈধ পথে শরণার্থী পুনর্বাসনের নতুন কিছু ব্যবস্থাও নেওয়ার কথা জানিয়েছে।
অভিবাসনবিরোধী বিক্ষোভ
ছোট নৌকায় অভিবাসীদের আগমন নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভও চলছে। ৫ অক্টোবর ইংল্যান্ডের গোসপোর্টে অভিবাসীদের আগমনকে কেন্দ্র করে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
শাবানা মাহমুদ সাক্ষাৎকারে নিজের বিরুদ্ধেও উগ্র ডানপন্থি গোষ্ঠীর বিদ্বেষের কথা বলেন। মুসলিম পরিচয়ের কারণে এসব গোষ্ঠীর কাছ থেকে বৈরিতা ও হুমকির আশঙ্কার কথাও জানান তিনি।



