ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ‘বিএনপি সরকারের ২০০ দিনের যত ব্যর্থতা’ শিরোনামে ব্যানার টাঙিয়েছে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখা। এতে আইনশৃঙ্খলা, রাজনৈতিক সহিংসতা, দ্রব্যমূল্য, জ্বালানি ও গ্যাস সংকট, সরকারি নিয়োগ, ব্যাংক খাত, চাঁদাবাজি ও দখলদারিত্বসহ বিভিন্ন বিষয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঝাল চত্বরে সংগঠনটির আহ্বায়ক ফুয়াদ হাসানের নেতৃত্বে ব্যানারটি টাঙানো হয়।
আইনশৃঙ্খলা ও রাজনৈতিক সহিংসতা নিয়ে অভিযোগ
ব্যানারে সরকারের প্রথম ছয় মাসে মব সহিংসতায় ১২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ছাত্রশক্তি। একই সময়ে ৩৯৫টি ধর্ষণ, ১ হাজার ৭৮৯টি হত্যা মামলা এবং ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত নারী ও শিশু নির্যাতনের ১১ হাজার ১৬০টি মামলা হয়েছে বলে ব্যানারে উল্লেখ করা হয়।
এ ছাড়া রাজনৈতিক সহিংসতার ৪০০টি ঘটনায় ২ হাজার ৫৭৪ জন আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে হামলা, সাংবাদিকদের ওপর হামলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতার ঘটনাও ব্যানারে তুলে ধরা হয়।
নিয়োগে দলীয়করণের অভিযোগ
সরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রেও দলীয়করণের অভিযোগ করেছে ছাত্রশক্তি।
সংগঠনটির দাবি, ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া উপাচার্যের মধ্যে ১৯ জনের বিএনপির রাজনীতির সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ততা রয়েছে।
বিভিন্ন সরকারি সংস্থা, বোর্ড, করপোরেশন ও নগর উন্নয়ন কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ পদে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাদের নিয়োগ দেওয়ার অভিযোগও করা হয়েছে ব্যানারে।
চাঁদাবাজি ও দখলদারিত্ব
ব্যানারে চাঁদাবাজি ও জমি-সম্পত্তি দখলের বিভিন্ন অভিযোগও তুলে ধরা হয়। ছাত্রশক্তির দাবি, ঢাকার ৫৮টি স্থানে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।
বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজির ভাগবাটোয়ারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই শতাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে বলেও দাবি করা হয়।
দ্রব্যমূল্য ও জ্বালানি পরিস্থিতির সমালোচনা
নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানির মূল্য নিয়েও সরকারের সমালোচনা করেছে সংগঠনটি। ব্যানারে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত ওঠা, ডিমের ডজন ১৮০ টাকা ছাড়ানো এবং বিভিন্ন সবজির দাম বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে।
মার্চ ও এপ্রিলে পেট্রোল-ডিজেলের সংকট এবং বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়ও ব্যানারে স্থান পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, ব্যাংক খাতের সংস্কার, বিভিন্ন বড় প্রকল্প এবং চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরসহ সরকারের কয়েকটি সিদ্ধান্তেরও সমালোচনা করেছে ছাত্রশক্তি।
‘ব্যর্থতা একটি ব্যানারে তুলে ধরা সম্ভব নয়’
ইবি শাখা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব ইফতেহার উদ্দীন বলেন, গণ-অভ্যুত্থানের পর প্রথম নির্বাচিত সরকার হিসেবে বিএনপি সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে তারা মনে করেন।
তিনি দেশজুড়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ তুলে সরকারের কাছে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সংগঠনটির আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, ‘বিএনপি সরকারের ভুল ও ব্যর্থতার কিছু অংশ আমরা তুলে ধরেছি। বাস্তবতা হলো, বিএনপি সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।’
তিনি মব সহিংসতা, দ্রব্যমূল্য বৃদ্ধি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও দলীয় নিয়োগের অভিযোগ তুলে এসব বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও দলীয় প্রভাবের অভিযোগ তুলে ফুয়াদ হাসান বলেন, তারেক রহমানের গাছ রোপণ কর্মসূচিকে কেন্দ্র করে একজন শিক্ষার্থীর লাগানো গাছ তুলে ফেলা হয়েছে।
সরকারের প্রতি চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ এবং জনগণের নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।



