ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চবি শিক্ষার্থী আটক, পুলিশে সোপর্দ

জিজ্ঞাসাবাদের সময় সাবেক ছাত্রলীগ নেতার ভিডিও কল আসার দাবি; মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার শিক্ষার্থীর

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটক শিক্ষার্থীর নাম হাসিবুল ইসলাম অপু। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর ও প্রক্টর কার্যালয়ে নেওয়ার পর আইনগত প্রক্রিয়ার জন্য হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সংশ্লিষ্টদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় হাসিবুলের মুঠোফোনে ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ারের ভিডিও কল আসে।

ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হাসিবুল সম্প্রতি বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের একটি মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তবে সংগঠনটির সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

হাসিবুলের ভাষ্য অনুযায়ী, ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ারের সঙ্গে তার পরিচয় ছিল। তার মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে ছাত্রলীগের একটি মিছিলে অংশ নেন তিনি।

পরে ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ওয়াহিদুল আলম তাকে কিছু পোস্টার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে দিয়েছিলেন। তবে নিজের ক্ষতি হতে পারে—এমন আশঙ্কায় পোস্টারগুলো বিতরণ না করে ফেলে দেন বলে দাবি করেন হাসিবুল।

হোয়াটসঅ্যাপ গ্রুপে তথ্য আদান-প্রদানের অভিযোগ

শিক্ষার্থী ও চাকসু নেতাদের দাবি, হাসিবুলের মুঠোফোনে ‘জিরো পয়েন্ট, চবি’ নামে ছাত্রলীগের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ পাওয়া গেছে। ওই গ্রুপে ছাত্রলীগের কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতাসহ শতাধিক ব্যক্তি যুক্ত ছিলেন।

অভিযোগ রয়েছে, ওই গ্রুপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ড ও কর্মসূচি-সংক্রান্ত তথ্য আদান-প্রদান করা হতো।

হাসিবুল জানিয়েছেন, ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার পর তাকে ওই গ্রুপে যুক্ত করা হয়েছিল।

‘মুঠোফোনে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, সন্দেহের ভিত্তিতে হাসিবুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার মুঠোফোন পরীক্ষা করে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

ইসহাকের দাবি, হাসিবুল এর আগেও ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। জিজ্ঞাসাবাদের সময় তার মুঠোফোনে ছাত্রলীগের চবি শাখার সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ারের ভিডিও কল আসে।

পুলিশে সোপর্দ

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম বলেন, ‘গতকাল রাতে চাকসু নেতারা একজনকে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসেন। যাচাই-বাছাই করে তার কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগে যুক্ত থাকার বিভিন্ন নথি পাওয়া যায়।’

আইনগত প্রক্রিয়া অনুযায়ী হাসিবুলকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

হাসিবুলের বাবা শাহজাহান মিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সেকশন অফিসার হিসেবে কর্মরত। তাদের বাসা বিশ্ববিদ্যালয়ের পামবাগানসংলগ্ন এলাকায়।

spot_img
spot_img

অধিক পঠিত

Related Articles