‘ভারত যুদ্ধ বা অন্যের ভূখণ্ড চায় না, তবে শান্তিকে দুর্বলতা ভাববেন না’

জাতীয় নিরাপত্তায় আপস না করার ঘোষণা রাজনাথ সিংয়ের; সন্ত্রাসবাদ চললে আলোচনার পথ বন্ধের হুঁশিয়ারি

ভারত কোনো দেশের ভূখণ্ড দখল করতে চায় না, যুদ্ধও চায় না বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে ভারতের শান্তির আকাঙ্ক্ষাকে দুর্বলতা হিসেবে বিবেচনা করলে তা ভুল হবে বলে সতর্ক করেছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে এনডিটিভি ডিফেন্স সামিট ২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে রাজনাথ সিং এসব কথা বলেন। জাতীয় নিরাপত্তার প্রশ্নে ভারত কোনো আপস করবে না বলেও জানান তিনি।

‘নীরবতা আর দুর্বলতা এক নয়’

রাজনাথ সিং বলেন, “ভারত শান্তিতে বিশ্বাস করে, যুদ্ধ চায় না। ভারত অন্যের ভূখণ্ড দখল করতে চায় না, কাউকে হুমকিও দিতে চায় না। কিন্তু নীরবতা আর দুর্বলতার মধ্যে পার্থক্য রয়েছে।”

তিনি বলেন, ভারত শান্তি চাইলেও নিজের নিরাপত্তার সঙ্গে আপস করবে না। কোনো প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিতে থাকলে সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা চালাতে ভারত প্রস্তুত থাকবে বলেও সতর্ক করেন তিনি।

রাজনাথ সিং তাঁর ওই বক্তব্যে সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেননি। তবে এনডিটিভি জানিয়েছে, তাঁর ‘প্রতিবেশী দেশ’ উল্লেখটি পাকিস্তানকে উদ্দেশ্য করেই করা হয়েছে।

পেহেলগাম হামলার পর ভারতের ক্ষেপণাস্ত্র হামলা

এ বক্তব্যের পটভূমিতে রয়েছে ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনা। ওই হামলায় এক নেপালি নাগরিকসহ ২৬ জন নিহত হন।

ভারত ওই হামলার জন্য পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের দায়ী করে। পরে পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের কয়েকটি স্থাপনাকে ‘সন্ত্রাসীদের ঘাঁটি’ দাবি করে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত।

‘সন্ত্রাসবাদ চললে আলোচনা বন্ধ’

বিরোধ নিষ্পত্তিতে আলোচনার ওপর গুরুত্ব দিয়ে রাজনাথ সিং বলেন, ভারত আলোচনায় বিশ্বাস করে। তবে কোনো দেশ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিলে সেখানেই আলোচনার পথ বন্ধ হয়ে যাবে।

তিনি বলেন, ভারত সহযোগিতা চায়, তবে জাতীয় স্বার্থের বিনিময়ে নয়। দেশের স্বার্থ ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে ভারত আপস করবে না বলেও জানান তিনি।

spot_img
spot_img

অধিক পঠিত

Related Articles