জামায়াতে ইসলামীকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। একই সঙ্গে জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘বিশ্বাস করলে ভুল করবেন’
মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে ফজলুর রহমান বলেন, “আপনার গলায় আপনি সাপ পেঁচিয়ে রাখছেন, বিএনপি। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা আমাদের মা-বোনের ইজ্জত নিয়েছিল এবং সোনার বাংলাকে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিয়েছিল, যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল—আপনারা যদি আবার সেই জামায়াতে ইসলামকে বিশ্বাস করেন, তবে ভুল করবেন।”
জামায়াতের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, দলটি সংসদের ভেতরে এক ধরনের অবস্থান নেয়, আবার সংসদের বাইরে ভিন্ন ধরনের বক্তব্য দেয়। বিএনপিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথাও জামায়াত বলেছে বলে দাবি করেন তিনি। এ কারণে জামায়াতের বিষয়ে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান ফজলুর রহমান।
তিনি আরও বলেন, “আপনারা সাপকেও বিশ্বাস করতে পারেন, কিন্তু একটা সাপ আর একটা জামায়াত যদি আপনার সামনে এসে পড়ে তাহলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হবেন, তারপর সাপের দিকে তাকাবেন।”
বিএনপির নেতাকর্মীদেরও সতর্ক করলেন
নিজ দলের নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়েও সতর্ক করেন ফজলুর রহমান। তিনি বলেন, বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় রাখতে চাইলে নেতাকর্মীদের সততা বজায় রাখতে হবে এবং চাঁদাবাজি, ধান্দাবাজি ও ক্ষমতার দাপট দেখানো থেকে বিরত থাকতে হবে। মানুষ এখন অনেক সচেতন বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের শাসনামল নিয়ে ফজলুর রহমান বলেন, শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে। ছাত্রদের নেতৃত্বে মানুষ রাজপথে নেমে আসার পর শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের দেশ ছাড়তে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে ফজলুর রহমান বলেন, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁর নেতৃত্বে বিএনপি যে দিকনির্দেশনা নিয়ে এগোচ্ছে, তাতে সহজে দলটিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সম্ভব নয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



