অভিবাসী ভেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হোটেল ঘিরে যুক্তরাজ্যে বিক্ষোভ

পরিচয় জানার পর সরে যায় মুখোশধারীরা; সফরের বাকি সময়ের নিরাপত্তা পর্যালোচনা করছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

যুক্তরাজ্যে অভিবাসীবিরোধী বিক্ষোভের মধ্যে অদ্ভুত এক ঘটনার মুখে পড়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। পোর্টসমাউথে দলটির হোটেলের বাইরে একদল মুখোশধারী বিক্ষোভকারী জড়ো হয়। তারা ভুল করে ক্রিকেটারদের আশ্রয়প্রার্থী অভিবাসী ভেবেছিল। পরে প্রকৃত পরিচয় জানার পর বিক্ষোভকারীরা সরে যায়।

মঙ্গলবার রাতে পোর্টসমাউথের চার তারকা ম্যারিয়ট হোটেলে ঘটনাটি ঘটে। পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ড সফরে গিয়ে ওই হোটেলে অবস্থান করছিল।

বিক্ষোভকারীদের মধ্যে খবর ছড়িয়ে পড়ে, কয়েকটি বাসে করে আশ্রয়প্রার্থীদের হোটেলটিতে আনা হয়েছে। এর পর প্রায় ৪০ থেকে ৫০ জন সেখানে জড়ো হয়, যাদের অনেকের মুখ ঢাকা ছিল।

‘আপনারা ভুল করছেন, এরা ক্রিকেটার’

হ্যাম্পশায়ার কাউন্টি কাউন্সিলে রিফর্ম ইউকের নেতা জর্জ ম্যাডগউইক ঘটনাস্থলে গিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। হোটেল ব্যবস্থাপক তাঁকে জানান, সেখানে কোনো আশ্রয়প্রার্থীকে আনা হয়নি; হোটেলে থাকা ব্যক্তিরা পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সদস্য।

ম্যাডগউইক পরে দলটির কোচের সঙ্গেও কথা বলেন এবং ক্রিকেটারদের পরিচয়ের প্রমাণ দেখেন। এরপর তিনি বাইরে থাকা বিক্ষোভকারীদের জানান, তারা ভুল ব্যক্তিদের অভিবাসী মনে করেছে। বিষয়টি পরিষ্কার হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করে।

ক্রিকেটারদের কক্ষে দরজায় ধাক্কা

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা সুমাইর সৈয়দ ব্রিটিশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার সময় কয়েকজন ক্রিকেটার তাদের কক্ষের দরজায় লোকজনের ধাক্কা দেওয়ার কথা জানিয়েছিলেন।

তবে ক্রিকেটাররা পরিস্থিতিতে দায়িত্বশীল আচরণ করেছেন এবং কোনো ধরনের উত্তেজনা বাড়াননি বলে জানান তিনি।

ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে সুমাইর বলেন, তিনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সফরকারী দলের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা আয়োজকদের দায়িত্ব।

নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছে ইসিবি

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে এবং ক্রিকেটারদের অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছে।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সফরের বাকি সময়ের নিরাপত্তাব্যবস্থাও পর্যালোচনা করা হচ্ছে।

ঘটনার পরদিনই ১৭৭ রানের জয়

হোটেলের ঘটনার পরদিন বুধবার পূর্বনির্ধারিত ম্যাচেই মাঠে নামে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আরুনডেল ক্যাসল ক্রিকেট ক্লাব মাঠে প্রথম এক দিনের ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ১৭৭ রানের বড় ব্যবধানে হারায় তারা।

প্রথমে ব্যাট করে পাকিস্তান ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩২ রান তোলে। উসমান খান ১৩৬ বলে ১৫১ এবং অধিনায়ক ফারহান ইউসুফ ১৩৩ বলে ১১৫ রান করেন। তৃতীয় উইকেটে দুজন গড়েন ২৬৮ রানের জুটি। পরে মোহাম্মদ সাইয়ামের চার উইকেটে ইংল্যান্ডকে ১৫৫ রানে অলআউট করে পাকিস্তান।

পোর্টসমাউথে আগে থেকেই অভিবাসনবিরোধী উত্তেজনা

হোটেলের ঘটনাটির আগে রোববার পোর্টসমাউথে অভিবাসনবিরোধী বড় বিক্ষোভ হয়েছিল। ফ্রান্স থেকে নৌকায় আসা আশ্রয়প্রার্থীদের শহরে নেওয়ার পর শত শত বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং যানবাহনেরও ক্ষতি হয়।

জর্জ ম্যাডগউইক বলেন, ওই ঘটনার কারণে স্থানীয়দের মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল। তবে পাকিস্তানি ক্রিকেটারদের হোটেলের সামনে জড়ো হওয়ার ঘটনাটি শহরের ভাবমূর্তির জন্য ভালো হয়নি বলেও স্বীকার করেন তিনি।

spot_img
spot_img

অধিক পঠিত

Related Articles