বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে বর্তমানে ১০ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের মিশন থেকে পাওয়া সর্বশেষ তথ্যের ভিত্তিতে এই সংখ্যা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শুক্রবার জাতীয় সংসদে গাজী এনামুল হকের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে গ্রেপ্তার ও কারাবন্দি বাংলাদেশিদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের আইন ও বিচারপ্রক্রিয়া কার্যকর থাকে। সেই আইনি প্রক্রিয়ার প্রতি সম্মান রেখেই বাংলাদেশ কূটনৈতিকভাবে প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে।
বন্দিদের সঙ্গে দেখা করে দূতাবাস
কোনো বাংলাদেশি নাগরিক কারাগারে থাকার খবর পাওয়ার পর সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস বা মিশনের কর্মকর্তারা কারাগার বা আটককেন্দ্র পরিদর্শন করে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় বন্দির পরিচয় ও মামলার তথ্য সংগ্রহের পাশাপাশি মামলাসংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
বন্দি নিজে আইনজীবী নিয়োগে সক্ষম না হলে আদালতের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করে দূতাবাস। পরিবারের পক্ষ থেকে আলাদা আইনজীবী নিয়োগ করতে চাইলে সে ক্ষেত্রেও প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হয়।
দেশে ফেরানোর খরচও বহন করে সরকার
ড. খলিলুর রহমান জানান, কোনো বন্দির জরিমানা পরিশোধের প্রয়োজন হলে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। দেশে ফেরার জন্য উড়োজাহাজের টিকিটের ব্যবস্থাও করা হয়।
পরিবার দেশে ফেরানোর ব্যয় বহন করতে অক্ষম হলে সরকার সেই খরচ বহন করে। একই সঙ্গে বিমানবন্দরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতাসহ দেশে ফেরানোর অন্যান্য ব্যবস্থাও করা হয়।
সাজা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট বাংলাদেশি নাগরিককে দ্রুত দেশে ফেরাতে ভ্রমণ অনুমতিপত্র ইস্যু করা হয়।
সাধারণ ক্ষমার জন্য কূটনৈতিক তৎপরতা
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে আটক বাংলাদেশিদের জন্য সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছ থেকে সাধারণ ক্ষমা পাওয়ার ক্ষেত্রেও জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়।
সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আটক বাংলাদেশিদের পাশাপাশি মিয়ানমারে আটক তিন বাংলাদেশি জেলের ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
চালু হচ্ছে নতুন অনলাইন ব্যবস্থা
বিদেশে আটক বাংলাদেশিদের দেশে ফেরানোর প্রক্রিয়া আরও সহজ করতে পররাষ্ট্র মন্ত্রণালয় শিগগিরই একটি অনলাইন পোর্টাল চালু করবে বলেও জানিয়েছেন ড. খলিলুর রহমান।
এই ব্যবস্থার মাধ্যমে বিদেশে আটক বাংলাদেশিদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহজ হবে বলে তিনি সংসদকে জানান।



