বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন বন্ধ থাকা তিনটি আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় দুই দেশের রেল কর্তৃপক্ষের বৈঠকে আলোচনা হবে।
দুই দিনব্যাপী আন্তঃসরকার রেলওয়ে বৈঠকে (আইজিআরএম) এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। দুই পক্ষ সম্মত হলে আগামী অক্টোবর থেকেই তিনটি ট্রেনের চলাচল শুরু হতে পারে।
রাজশাহী-কলকাতা নতুন ট্রেনের প্রস্তাব
বাংলাদেশ রেলওয়ে সূত্র জানিয়েছে, বৈঠকে রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত নতুন একটি যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাব দেবে বাংলাদেশ।
একই সঙ্গে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে পরিচালনার আগ্রহের কথাও ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হবে।
ঢাকার রেলভবনে অনুষ্ঠেয় বৈঠকের আলোচ্যসূচি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের ভাষ্য, বন্ধ থাকা তিনটি ট্রেন পুনরায় চালুর বিষয়ে ভারতীয় রেলওয়েরও আগ্রহ রয়েছে।
প্রয়োজন দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সম্মতি
শুধু দুই দেশের রেল কর্তৃপক্ষ সম্মত হলেই ট্রেন চলাচল শুরু হবে না। এ জন্য বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সম্মতি প্রয়োজন হবে।
মঙ্গলবারের বৈঠকে এসব মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আন্তঃদেশীয় ট্রেন পুনরায় চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে রাজনৈতিক পর্যায় থেকে।
সর্বশেষ বৈঠক হয়েছিল নয়াদিল্লিতে
বাংলাদেশ ও ভারতের মধ্যে আইজিআরএম বৈঠক প্রতিবছর পালাক্রমে অনুষ্ঠিত হয়।
সর্বশেষ বৈঠক হয়েছিল ২০২৫ সালের ২০ থেকে ২২ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে। কয়েক দফা সময় পরিবর্তনের পর এবারের বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।
২০২৪ সালের জুলাই থেকে বন্ধ তিন ট্রেন
২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে বিঘ্ন ঘটে। ওই বছরের ১৬ জুলাই মৈত্রী এক্সপ্রেসের চলাচল বন্ধ করা হয়। পরে ১৯ জুলাই থেকে মৈত্রী, বন্ধন ও মিতালী—তিনটি ট্রেনের চলাচলই বন্ধ হয়ে যায়।
এরপর ট্রেন তিনটির চলাচল আর শুরু হয়নি। মৈত্রী এক্সপ্রেস ঢাকা-কলকাতা, বন্ধন এক্সপ্রেস খুলনা-কলকাতা এবং মিতালী এক্সপ্রেস ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করে।



