দীর্ঘ অভিনয়জীবন একজন শিল্পীকে পরিচিতি, খ্যাতি, অর্থ, সম্মান ও দর্শকের ভালোবাসা এনে দিতে পারে। সময়ের সঙ্গে ব্যক্তিগত বিশ্বাস, মূল্যবোধ কিংবা ধর্মীয় কারণে কেউ সেই পেশা থেকে সরে দাঁড়াতেও পারেন। তবে অভিনয় ছাড়ার পর নিজের দীর্ঘদিনের পেশা ও শিল্পচর্চাকে ‘ভুল’ বা ‘পাপ’ হিসেবে উপস্থাপন করা নিয়ে আপত্তি তুলেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
সম্প্রতি একজন অভিনেত্রীর অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা এবং এর আগে ধর্মের প্রতি মনোযোগ দেওয়ার কথা জানিয়ে একজন অভিনেতার অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘটনার প্রেক্ষাপটে ফেসবুকে নিজের অবস্থান তুলে ধরেন প্রভা।
তিনি মনে করেন, ব্যক্তিগত বিশ্বাস বা সিদ্ধান্ত থেকে যে কেউ অভিনয় ছেড়ে দিতে পারেন। কিন্তু যে পেশা একজন মানুষকে পরিচিতি, সম্মান ও জীবিকা দিয়েছে, সেই পেশাকে পরবর্তী সময়ে হেয় করা হলে একই অঙ্গনে কাজ করা অন্য শিল্পীরাও অসম্মানিত বোধ করতে পারেন।
ফেসবুক পোস্টে প্রভা লেখেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।’
নিজের বক্তব্য কারও কাছে কঠিন মনে হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে, হয়তো একটু বাজেও শোনাবে, তবুও বলছি।’
প্রভার মতে, অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়া অনেক মানুষ শিক্ষিত এবং সম্মানের সঙ্গে নিজেদের কাজ করে যাচ্ছেন। অসংখ্য শিল্পী অভিনয়কে ভালোবেসে এই পেশায় আছেন। এটি তাঁদের শিল্পচর্চার পাশাপাশি আয়েরও অন্যতম প্রধান উৎস। দিন-রাত পরিশ্রম করে তাঁরা নিজেদের পেশাগত অবস্থান তৈরি করেছেন।
এ কারণে কারও সাংস্কৃতিক কর্মকাণ্ড বা অভিনয় ভালো না লাগলে তিনি ব্যক্তিগতভাবে তা ছেড়ে দিতে পারেন; কিন্তু নিজের সিদ্ধান্তকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অন্য শিল্পীদের কিংবা পুরো পেশাটিকে ছোট করে দেখানো উচিত নয় বলে মনে করেন প্রভা।
তিনি লেখেন, ‘আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক।’
অভিনয় ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রে শিক্ষা, মূল্যবোধ এবং নিজের পেশাগত পরিচয়ের প্রতি শ্রদ্ধার ওপর গুরুত্ব দিয়ে প্রভা আরও বলেন, ‘আমি চাই, যারা আসবে, তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।’
সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত ও ধর্মীয় বিশ্বাসের কথা জানিয়ে বিনোদনজগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কয়েকজন শিল্পী। প্রভা তার পোস্টে কারও নাম উল্লেখ না করলেও জানিয়েছেন, সম্প্রতি একজন অভিনেত্রী অভিনয় ছেড়েছেন। এর আগে একজন অভিনেতাও ধর্মের প্রতি মনোযোগ দেওয়ার কারণে অভিনয় থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন।
তবে অভিনয় ছেড়ে দেওয়া নিয়ে আপত্তি নয়, প্রভার বক্তব্যের মূল বিষয় শিল্প ও শিল্পীর প্রতি সম্মান। ব্যক্তিগত বিশ্বাসের পরিবর্তন হলেও নিজের পুরোনো পেশাকে অসম্মান করা উচিত নয়—এমন অবস্থানই তুলে ধরেছেন তিনি।
প্রভা লেখেন, ‘শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়। এটা একটি সংস্কৃতি। আমি মনে করি, একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’



