সরিষাবাড়ীতে মহাশ্মশান কালিমাতা মন্দিরের প্রতিমা ভাঙচুর

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার কামরাবাদ এলাকার শ্রী শ্রী মহাশ্মশান কালিমাতা মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে।

এ সময় দুর্বৃত্তরা মন্দিরের ৬ টি প্রতিমা ভাঙচুর, দানবাক্স ও প্রতিমার স্বর্ণলংকার নিয়ে যায় বলে মন্দির কমিটি জানিয়েছেন। এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্র ও মন্দির কমিটির সভাপতি উত্তম কুমার তেওয়ারী বলেন, বৃহস্পতিবার সন্ধা পর্যন্ত মন্দিরে আরাধনা চলে। পরে মন্দিরে আরাধনা করতে আসা লোকজন চলে যায়। এরপর শুক্রবার সকালে স্থানীয়রা মন্দিরে পূজা-অর্চনা করতে এসে মন্দিরের গেট ভাঙ্গা দেখতে পায়।

এসময় মন্দিরের ভিতরে গিয়ে দেখা যায় কালি মূর্তি, মহাদেব, ডাকুনি, ঝুকুনি, শীতলা, শেয়াল পণ্ডিত ও মহাকাল ভৈরব প্রতিমা গুলোর হাত, পা, মাথাসহ বিভিন্ন অংশ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

এছাড়া দানবাক্সে থাকা নগদ অর্থ ও প্রতিমার গায়ে থাকা স্বর্ণালংকার নিয়ে যায় দুর্বৃত্তরা। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া এবং জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রতিমা ভাঙচুরের ঘটনায় শুক্রবার সকাল থেকে ওই মন্দিরে পূজা-অর্চনা বন্ধ রয়েছে। মন্দির কর্তৃপক্ষ এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে তাদের শাস্তির দাবি জানান। এসময় মন্দিরের ভাঙচুর হওয়া প্রতিমাগুলোকে পার্শ্ববর্তী ঝিনাই নদীতে বিসর্জন দেওয়া হয়।

সন্ধ্যায় জেলা প্রশাসক হাছিনা বেগম ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় হিন্দু সম্প্রদায় ও মন্দির কমিটির কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা জানার পর আমরা মন্দিরটিতে গিয়েছিলাম। ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রতিমা ভাঙচুরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রতিমা ভাঙচুরের ঘটনায় তদন্ত চলছে। তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, প্রতিমা ভাঙচুরের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলমান রয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তা সূত্র

spot_img
spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles