ইতালির লুক্কা চলচ্চিত্র উৎসবে সেরা বাংলাদেশের ‘মাস্টার’

বিশ্বের বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের সিনেমা

ইতালির মর্যাদাপূর্ণ লুক্কা চলচ্চিত্র উৎসবের ২২তম আসরে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’। আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ১১টি সিনেমাকে পেছনে ফেলে এই স্বীকৃতি পেয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত সিনেমাটি।

ইতালির তাসকানি অঞ্চলের লুক্কায় ২৬ সেপ্টেম্বর শুরু হওয়া উৎসবের পর্দা নামে ৪ অক্টোবর। উৎসবের আনুষ্ঠানিক ফলাফল এবং পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিতের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ‘মাস্টার’-এর পুরস্কার জয়ের তথ্য জানানো হয়।

পুরস্কার জয়ের খবর জানিয়ে সুমিত লেখেন, ‘সুদূর তাসকানি থেকে কী দারুণ একটি খবর এলো কিছুক্ষণ আগে! লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালের সেরা চলচ্চিত্রের পুরস্কারটি আমরা জিতে নিয়েছি! এই অর্জন ‘মাস্টার’ সিনেমার সর্বজনীনতা এবং প্রাসঙ্গিকতার আরেকটি প্রমাণ।’ একই সঙ্গে বিচারকমণ্ডলী এবং সিনেমাটির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এবারের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার বিচারকমণ্ডলীতে ছিলেন ‘সিরানো দ্য বেরজেরাক’ সিনেমার জন্য অস্কারজয়ী পোশাক পরিকল্পনাকারী ফ্রাঙ্কা স্কুয়ার্সিয়াপিনো, লিথুয়ানিয়ার পরিচালক ও প্রযোজক শারুনাস বার্তাস এবং ইতালির অভিনেতা-পরিচালক মিকেলে রিওনদিনো।

‘মাস্টার’-কে পুরস্কৃত করার কারণ ব্যাখ্যা করে বিচারকেরা জানান, আপাতদৃষ্টিতে একটি স্থানীয় গল্পের মধ্য দিয়ে বর্তমান বিশ্বে প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের সংকট তুলে ধরতে সক্ষম হয়েছে সিনেমাটি। একজন আদর্শবাদী শিক্ষকের সামাজিক ন্যায়বিচারের আকাঙ্ক্ষার সঙ্গে ব্যক্তিস্বার্থনির্ভর রাজনৈতিক ব্যবস্থার সংঘাত এবং সেই ব্যবস্থার চাপে তার আদর্শের ক্রমশ ক্ষয় হওয়ার গল্পও বিশেষভাবে উল্লেখ করেন তারা।

সিনেমাটির অন্যতম অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এই পুরস্কার আমাদের জন্য ভীষণ আনন্দ ও গর্বের। ‘মাস্টার’ শুধু একটি সিনেমা নয়, এটি আমাদের সময়, সমাজ ও মানুষের নানা সংকটের কথা বলে। আশা করি, এই স্বীকৃতি বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে।’

‘মাস্টার’-এর গল্পের কেন্দ্রে জহির নামের একজন আদর্শবাদী শিক্ষক। স্থানীয় রাজনীতিতে যুক্ত হওয়ার পর ক্ষমতা, প্রত্যাশা, চাপ ও আপসের জটিলতায় ধীরে ধীরে তার আদর্শ ও নৈতিক অবস্থানের পরিবর্তন ঘটতে থাকে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত ও সাব্বির হোসাইন শোভন।

এটি সুমিতের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। লুক্কা চলচ্চিত্র উৎসবের আগে চলতি বছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারডামে ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জেতে ‘মাস্টার’। পরে সিনেমাটি ৭৩তম সিডনি চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়।

সিনেমাটিতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ ও তাসনোভা তামান্নাসহ অনেকে। এর চিত্রগ্রহণ করেছেন তুহিন তামিজুল এবং সম্পাদনা করেছেন ক্রিস্টান স্প্রাগ।

এবারের লুক্কা চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননা পেয়েছেন নান্নি মোরেত্তি, জুলিয়ান শ্নেবেল, লিলিয়ানা কাভানি ও গর্ডন গেটি। ডেনিশ পরিচালক নিকোলাস উইন্ডিং রেফন পেয়েছেন ‘গোল্ডেন প্যান্থার অ্যাওয়ার্ড’।

spot_img
spot_img

অধিক পঠিত

Related Articles