প্রধানমন্ত্রীর নির্দেশের পর এমপি পদ ছাড়লেন ফেরদৌসী মিষ্টি

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ; পদত্যাগের পর আসন শূন্য ঘোষণা

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ফেরদৌসী আহমেদ মিষ্টি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন। এরপর দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য।

পরে জাতীয় সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করে তার আসন শূন্য ঘোষণা করে।

দুপুরে আসে পদত্যাগের নির্দেশ

বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশের পর বৃহস্পতিবার দুপুরেই সংসদে যান মিষ্টি। সেখানে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার পর আলোচনায় মিষ্টি

গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়।

ঘটনার পর ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে তিনি হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

২০০৬ সালে ফেরদৌসী আহমেদ শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার থাকাকালে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সভাপতি ছিলেন। ওই সমিতির নামে রাড্ডা সেন্টারের জায়গাটি বরাদ্দ দেওয়ার জন্য গৃহায়ণ ও গণপূর্ত কর্তৃপক্ষের কাছে করা আবেদনে সভাপতি হিসেবে তার স্বাক্ষর ছিল।

রাড্ডা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্যও তদন্তে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, কাউকে ছাড় দেওয়া হবে না

বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্ত চলছে।

তদন্তে যারই সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

ফেরদৌসী আহমেদ মিষ্টি বিএনপির নেতৃত্বাধীন জোটের জন্য বরাদ্দ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের একজন ছিলেন। চলতি বছরের ৩ মে অন্য সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সঙ্গে তিনি শপথ নেন।

আসন শূন্য ঘোষণা

পদত্যাগের পর বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য হয়েছে।

রাড্ডাকাণ্ডের পর বিএনপির সাংগঠনিক পর্যায়েও কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়। বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

spot_img
spot_img

অধিক পঠিত

Related Articles