জন্মদিনে জাদুকর বেশে প্রসেনজিৎ, প্রকাশ্যে ‘জাদুকর সত্যচরণ’-এর নতুন লুক

দীর্ঘ অভিনয়জীবনে প্রথমবার জাদুকরের চরিত্রে; ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে নতুন সিনেমার শুটিং

জন্মদিনে ভক্তদের নতুন চমক দিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নতুন সিনেমা ‘জাদুকর সত্যচরণ’-এ তাকে দেখা যাবে জাদুকরের ভূমিকায়। জন্মদিনেই প্রকাশ করা হয়েছে সিনেমাটিতে তার নতুন রূপ।

মাথায় উষ্ণীষের মতো পাগড়ি, গায়ে ঝলমলে কোট—চেনা প্রসেনজিৎকে একেবারে ভিন্ন সাজে দেখা গেছে প্রকাশিত ছবিতে। দীর্ঘ অভিনয়জীবনে এবারই প্রথম জাদুকরের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

হিমাদ্রিকিশোর দাশগুপ্তের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘জাদুকর সত্যচরণ’। সিনেমাটি পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল। চিত্রনাট্য লিখছেন সব্যসাচী চৌধুরী।

রহস্য আর বাস্তবতার মিশেলে গল্প

হিমাদ্রিকিশোর দাশগুপ্তের চারটি গল্পের সমন্বয়ে তৈরি হচ্ছে সিনেমাটির চিত্রনাট্য। রহস্য ও বাস্তবতার মিশেলে এগিয়ে যাবে এর কাহিনি।

সিনেমায় চন্দন নামের একটি চরিত্রকে কেন্দ্র করে গল্প আবর্তিত হবে। নির্মাতা সায়ন্তন ঘোষালের ভাষ্য অনুযায়ী, ‘জাদুকর সত্যচরণ’-এর চিত্রনাট্যে রহস্যের সঙ্গে বাস্তবতার মিশেল থাকবে।

প্রসেনজিতের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী, ইশা সাহা, শুভাশিষ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় ও অনিরুদ্ধ গুপ্ত।

এর আগে ‘জ্যেষ্ঠপুত্র’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ ও ঋত্বিক। ‘জাদুকর সত্যচরণ’-এর মাধ্যমে আবারও পর্দায় ফিরছে এই জুটি।

পি সি সরকারের জাদু দেখেছেন ছোটবেলায়

জাদুকরের চরিত্রে অভিনয়ের প্রসঙ্গে প্রসেনজিৎ ফিরে গেছেন নিজের ছোটবেলার স্মৃতিতে। তিনি জানিয়েছেন, ছোটবেলায় পি সি সরকার সিনিয়রের জাদু দেখেছেন। পরে পি সি সরকার জুনিয়রের জাদুও দেখেছেন এবং তার সঙ্গে ব্যক্তিগত পরিচয়ও রয়েছে।

প্রসেনজিৎ বলেন, ‘জাদুকর বলতে বাঙালির প্রথম যে কথা মনে পড়ে, তিনি হলেন পি সি সরকার। যিনি জাদুকে ছড়িয়ে দিয়েছেন গোটা বিশ্বে।’

নতুন ধরনের চরিত্রে অভিনয়ের আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।

প্রসেনজিৎ বলেন, ‘অভিনেতা হিসেবে আমার সব সময়ই খিদে থাকে নতুন কিছু করার। এত দীর্ঘ ক্যারিয়ারে কখনো জাদুকরের চরিত্রে অভিনয় করার সুযোগ পাইনি।’

চিত্রনাট্য শুনেই শুটিংয়ের দিন জানতে চান

‘জাদুকর সত্যচরণ’-এর চিত্রনাট্য যে প্রথম থেকেই তার পছন্দ হয়েছে, সেটিও জানিয়েছেন প্রসেনজিৎ।

তিনি বলেন, ‘যারা আমাকে চেনেন, তারা জানেন আমি যদি চিত্রনাট্য পড়ে বলি, “কয়েক দিন পরে জানাচ্ছি”, তার মানে চিত্রনাট্য আমার পছন্দ হয়নি। কিন্তু যদি চিত্রনাট্য শুনে বলি, “কবে শুটিং করছিস বল, কোথায় শুটিং করছিস বল”—তার মানে চিত্রনাট্যটা আমার পছন্দ হয়েছে। এটা ঠিক তেমনই একটা চিত্রনাট্য।’

আগামী ৫ অক্টোবর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। নতুন চরিত্রটির কাজ শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানিয়েছেন প্রসেনজিৎ।

spot_img
spot_img

অধিক পঠিত

Related Articles