বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প

পরশুরাম ও ফুলগাজীতে দিনব্যাপী কর্মসূচি; সৌরবিদ্যুৎ উদ্বোধন, ফ্যামিলি ও কৃষক কার্ডের অনুষ্ঠান এবং জনসভায় অংশ নেবেন

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। দিনব্যাপী সফরে পরশুরাম ও ফুলগাজীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের পুনর্বাসনকাজ উদ্বোধনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বিকেলে ফুলগাজীতে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে পরশুরাম ও ফুলগাজীতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বন্যা নিয়ন্ত্রণ ও নদীভাঙন রোধের পাশাপাশি মেডিকেল কলেজসহ ফেনীবাসীর দীর্ঘদিনের বিভিন্ন দাবিও সামনে এসেছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে ফেনীবাসীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধান ও প্রত্যাশা পূরণের পথ তৈরি হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পরশুরাম ও ফুলগাজীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের স্থান ও জনসভাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

দুপুর সাড়ে ১২টায় পরশুরামে পৌঁছাবেন

সরকারি সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী ঢাকার বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশে যাত্রা করবেন। দুপুর সাড়ে ১২টায় পরশুরামে পৌঁছানোর কথা রয়েছে তার।

এরপর তিনি খোয়াঘাট-মুহুরী সেতু এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ কাজের উদ্বোধন করবেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আমরা নির্বাচনের আগেও ফেনীবাসীর যেসব দাবির কথা বলে আসছিলাম, সেগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে মুহুরী, কহুয়া নদীর বাঁধ ও মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের বিষয় অন্যতম।’

তিনি জানান, মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের বিষয়টি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পেয়েছে।

খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ

পরশুরামের কর্মসূচি শেষে দুপুর সোয়া ১টার দিকে প্রধানমন্ত্রী ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন।

দুপুর দেড়টার দিকে কলেজ প্রাঙ্গণে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এরপর দুপুর ২টার দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন করবেন। সেখানে তার মধ্যাহ্নভোজ ও বিশ্রামের কর্মসূচিও রয়েছে।

বিকেলে জনসভা

বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরের সব প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৫টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ফেনীতে মেডিকেল কলেজের দাবি

পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, ফেনীবাসীর প্রধান দাবিগুলোর একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মাঠপর্যায়ে সক্ষমতা যাচাইয়ের জন্য বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আশা করছি, খুব দ্রুতই ফেনীবাসীর এই দাবিও পূরণ হবে।’

ফেনীর সঙ্গে তারেক রহমানের পারিবারিক সম্পর্ক

ফেনী তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পৈতৃক জেলা। ফেনী-১ আসন—ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া নিয়ে গঠিত। খালেদা জিয়া এ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

পরিবেশমন্ত্রী বলেন, ফেনীর মাটি ও মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিবিড় সম্পর্ক রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে পরশুরাম ও ফুলগাজীতে জনসভাস্থল প্রস্তুত, সড়ক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। পরশুরামে প্রকল্প উদ্বোধনস্থল এবং ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠের জনসভাস্থলেও প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।

এর আগে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফেনী সফরের কথা থাকলেও তা স্থগিত করা হয়। পরে নতুন করে ১ অক্টোবর সফরের তারিখ নির্ধারণ করা হয়।

spot_img
spot_img

অধিক পঠিত

Related Articles