শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি আরও এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর ফলে দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান ২২ অক্টোবরের ছুটির অনুমোদন দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ড. সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।
২০ থেকে ২৪ অক্টোবর টানা ছুটি
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার নির্বাহী আদেশে ছুটি রয়েছে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি।
এর সঙ্গে নতুন করে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন।
নতুন সিদ্ধান্তের ফলে এই পাঁচ দিনের ছুটির জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আলাদাভাবে ছুটি নিতে হবে না।
১০ অক্টোবর মহালয়া
চলতি বছর শারদীয় দুর্গাপূজার মহালয়া ১০ অক্টোবর। এরপর পর্যায়ক্রমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে।
১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
বিজয়া দশমীর পরদিন ২২ অক্টোবর নতুন করে নির্বাহী আদেশে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সরকারি চাকরিজীবীদের ছুটি গিয়ে মিলবে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে।
পূজায় অনুদানও বাড়িয়েছে সরকার
এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদানের পরিমাণও বাড়ানো হয়েছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট দুর্গাপূজার জন্য চার কোটি টাকা চাইলেও প্রধানমন্ত্রীর বিশেষ বিবেচনায় পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
একইভাবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান অনুষ্ঠান উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চাওয়া দুই কোটি টাকার পরিবর্তে তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।



