‘অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগে বিএনপির ওয়ার্ড সভাপতি বহিষ্কার

পল্লবীর ৯১ নম্বর ওয়ার্ডের সভাপতি মফিজুর রহমান মামুনের প্রাথমিক সদস্যপদসহ সব দলীয় পদ বাতিল

‘অনৈতিক কার্যকলাপসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানাধীন ৯১ নম্বর ওয়ার্ডের সভাপতি মফিজুর রহমান মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কার্যকলাপসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য মফিজুর রহমান মামুনকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মামুনের বিরুদ্ধে আগে ২৭ মামলার তথ্য দিয়েছিল পুলিশ

মফিজুর রহমান মামুনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদক, অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা থাকার তথ্য রয়েছে।

২০২১ সালের ৭ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীর বাইতুন নুর জামে মসজিদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

তখন ঢাকা মহানগর পুলিশ জানিয়েছিল, মামুনের বিরুদ্ধে পল্লবী থানায় চাঁদাবাজি, হত্যা, মাদক, অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ২৭টি মামলা ছিল। তাঁর বিরুদ্ধে ১৫টি গ্রেপ্তারি পরোয়ানা এবং দুটি সাজা পরোয়ানার তথ্যও জানিয়েছিল পুলিশ।

পুলিশের তৎকালীন তথ্য অনুযায়ী, মোহাম্মদপুর থানায় ২০০৫ সালের একটি মামলায় মামুনের পাঁচ বছরের কারাদণ্ড এবং পল্লবী থানায় ২০০৭ সালের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল।

মিরপুরে বাহিনী পরিচালনার অভিযোগ

সম্প্রতি মিরপুর এলাকার অপরাধী চক্র নিয়ে পুলিশের বিভিন্ন সূত্রের তথ্যে মফিজুর রহমান মামুনের নাম আবারও সামনে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রের অভিযোগ, বিদেশে অবস্থান করে পল্লবী, মিরপুর-১২, সাগুফতা ও বাউনিয়া এলাকার একটি অপরাধী দল নিয়ন্ত্রণ করতেন মামুন। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, ঝুট ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে।

মিরপুর এলাকার চাঁদাবাজ ও তাদের আশ্রয়দাতাদের নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৈরি তালিকাতেও মামুন ও তাঁর দুই ভাইয়ের নাম থাকার তথ্য পাওয়া গেছে।

এর মধ্যেই বিএনপি তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানাল।

spot_img
spot_img

অধিক পঠিত

Related Articles