কওমি ধারার সাতটি ইসলামি রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য দূর করে ঐক্য প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে নিতে ২৪ সদস্যের একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় সাত দলের প্রতিনিধিদের কয়েক ঘণ্টার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
সাত দলের ৩৫ প্রতিনিধি বৈঠকে
বৈঠকে সাতটি দলের প্রতিটি থেকে পাঁচজন করে মোট ৩৫ জন প্রতিনিধি অংশ নেন। হেফাজতে ইসলামের শীর্ষ নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।
ঐক্য প্রক্রিয়ায় থাকা দলগুলো হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
বৈঠকে সাত দলের পৃথক প্রস্তাব এবং হেফাজতে ইসলামের আমিরের সম্মতিতে তৈরি সমন্বিত খসড়া রূপরেখা নিয়ে আলোচনা হয়। সম্ভাব্য ঐক্যের কাঠামো, সমন্বিত কর্মপদ্ধতি ও ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রমও আলোচনায় আসে। তবে সব বিষয়ে দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি।
প্রতিটি দল থেকে তিনজন
মতপার্থক্য নিরসন ও ঐক্য প্রক্রিয়ার পরবর্তী আলোচনা চালিয়ে নিতে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমানকে আহ্বায়ক করে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সাতটি দলের প্রতিটি থেকে তিনজন করে মোট ২১ জন প্রতিনিধি থাকবেন। তাঁদের সঙ্গে হেফাজতে ইসলামের মহাসচিবসহ সংগঠনটির তিন শীর্ষ নেতা যুক্ত হয়ে কমিটির সদস্যসংখ্যা হবে ২৪।
দলগুলোকে নিজ নিজ প্রতিনিধির নাম হেফাজতে ইসলামের মহাসচিবের কাছে পাঠাতে বলা হয়েছে।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, সাত দলই ঐক্যের বিষয়ে ইতিবাচক। তবে রোববারের বৈঠকে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।
২২ অক্টোবর ঢাকায় পরবর্তী বৈঠক
লিয়াজোঁ কমিটি দলগুলোর মধ্যে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে প্রস্তাবিত ঐক্যের বিষয়ে থাকা মতপার্থক্য নিরসনে কাজ করবে।
আগামী ২২ অক্টোবর ঢাকায় লিয়াজোঁ কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে সাত দলের ঐক্যের কাঠামো ও রাজনৈতিক কর্মকৌশল নিয়ে পরবর্তী আলোচনা হবে।



