স্কুল থেকে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে মুকবুল ছৈয়াল নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন শনিবার তাঁকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। শিশুটি বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল চতুর্থ শ্রেণির ওই ছাত্রী। পথে অভিযুক্ত মুকবুল ছৈয়াল তাকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ সময় ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
পরদিন রাতে শিশুটি অসুস্থ বোধ করলে তার নানির কাছে ঘটনাটি খুলে বলে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।
শুক্রবার এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে পুলিশ সেটি মামলা হিসেবে গ্রহণ করে। ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মুকবুল ছৈয়ালকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর শনিবার তাঁকে চাঁদপুর আদালতে পাঠায় পুলিশ।
এদিকে অসুস্থ শিশুটিকে চিকিৎসার জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।



