টাঙ্গাইলের ঘাটাইলে একটি হাফিজিয়া মাদরাসায় নয় বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মাদরাসার শিক্ষক হানিফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার পূর্ব লোকেরপাড়া এলাকার মারকাযুল কোরআন রিজিয়া ফজলুর রহমান হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু পাশের যোগীহাটি এলাকার বাসিন্দা।
শিশুটির পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে শিক্ষক হানিফ তাকে ডেকে মাদরাসার অফিসকক্ষে নিয়ে যান। সেখানে প্রথমে শিশুটিকে দিয়ে শরীর ম্যাসাজ করানোর পর তাকে যৌন নির্যাতন করা হয়। ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে পরিবারের অভিযোগ।
পরদিন শুক্রবার অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে শিশুটি তার মায়ের কাছে ঘটনার কথা জানায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে মাদরাসায় গিয়ে ঘটনার বিচার দাবি করেন।
ভুক্তভোগীর মা বলেন, ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য সন্তানকে মাদরাসায় পাঠিয়েছিলেন। সন্তানের ওপর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।
স্থানীয়রা ধরে পুলিশে দিলেন
ঘটনার খবর ছড়িয়ে পড়লে রোববার (২৭ সেপ্টেম্বর) মাদরাসার অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। একপর্যায়ে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষক হানিফকে আটক করে ঘাটাইল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও ওই মাদরাসায় একই ধরনের ঘটনা ঘটেছিল। তখন অভিযুক্ত শিক্ষককে পালিয়ে যেতে বর্তমান অভিযুক্ত হানিফ সহযোগিতা করেছিলেন বলেও তাঁরা অভিযোগ করেন।
ভুক্তভোগী শিশুর চাচা লুৎফর রহমান ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন। লোকেরপাড়া ও এস ফাযিল মাদরাসার সহসভাপতি কাওসার আহম্মেদ কায়েসও অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকসেদুর রহমান জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



