নতুন বেতন কাঠামোয় উচ্চপদস্থদের ইনক্রিমেন্ট ও বাড়িভাড়া কমছে

ষষ্ঠ থেকে ২০তম গ্রেডে ইনক্রিমেন্ট ৫ শতাংশই থাকছে; পঞ্চম গ্রেড থেকে ওপরের দিকে ধাপে ধাপে কমবে হার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোয় উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কমছে। বর্তমানে সব গ্রেডে ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট থাকলেও নতুন কাঠামোয় মূল বেতন যত বেশি, ইনক্রিমেন্টের হার তত কম রাখা হচ্ছে।

একই সঙ্গে মূল বেতন বড় অঙ্কে বাড়ায় মূল বেতনের অনুপাতে বাড়িভাড়া ভাতার হারও কমানো হচ্ছে। নতুন কাঠামোয় গ্রেডভেদে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বেড়েছে।

গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন কাঠামো-২০২৬ ও সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো অনুমোদন করা হয়। ওই বৈঠকের কার্যবিবরণীর তথ্য অনুযায়ী, সামরিক-বেসামরিক চাকরিজীবী, রাষ্ট্রায়ত্ত কোম্পানি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের ইনক্রিমেন্টে নতুন এই ব্যবস্থা কার্যকর হবে।

কোন গ্রেডে কত ইনক্রিমেন্ট

বর্তমান বেতন কাঠামোয় সব গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারী বছরে মূল বেতনের ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট পান। নতুন কাঠামোয় ষষ্ঠ থেকে ২০তম গ্রেড পর্যন্ত এই হার ৫ শতাংশই থাকবে।

পঞ্চম গ্রেডে বার্ষিক ইনক্রিমেন্ট হবে ৪ শতাংশ। তৃতীয় ও চতুর্থ গ্রেডে তা হবে ৩ দশমিক ৫ শতাংশ এবং দ্বিতীয় গ্রেডে ২ দশমিক ৭৫ শতাংশ।

প্রথম গ্রেডের কর্মকর্তাদের ইনক্রিমেন্ট আলাদাভাবে নির্ধারণ করা হবে।

সশস্ত্র বাহিনীতেও একই ধরনের ধাপ রাখা হয়েছে। ক্যাপ্টেন ও সমপর্যায়ের এবং তার নিচের পদে ইনক্রিমেন্ট ৫ শতাংশ, মেজর পদে ৪ শতাংশ, লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেল পর্যায়ে ৩ দশমিক ৫ শতাংশ এবং ব্রিগেডিয়ার জেনারেল ও সমপর্যায়ে ২ দশমিক ৭৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বাড়িভাড়া ভাতার হারও কমছে

২০১৫ সালের বেতন কাঠামোয় ঢাকা সিটি করপোরেশন এলাকায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের পরিমাণ ও পদমর্যাদাভেদে ৫০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া ভাতা পান।

নতুন কাঠামোয় ঢাকা সিটি করপোরেশন এলাকায় গ্রেডভেদে বাড়িভাড়া ভাতার হার মূল বেতনের ৪০ থেকে ৬০ শতাংশ করা হচ্ছে। ১৬তম থেকে ২০তম গ্রেডে ৬০ শতাংশ, দশম থেকে ১৫তম গ্রেডে ৫০ শতাংশ, পঞ্চম থেকে নবম গ্রেডে ৪৫ শতাংশ এবং প্রথম থেকে চতুর্থ গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ে ৪০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে।

মূল বেতন উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় বাড়িভাড়া ভাতার আনুপাতিক হার কমলেও টাকার অঙ্কে ভাতা আগের তুলনায় বাড়বে।

সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

নতুন বেতন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

গ্রেডভেদে মূল বেতন বৃদ্ধির হার ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ।

spot_img
spot_img

অধিক পঠিত

Related Articles