আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের আগে বিএনপি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি ভুলে গেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হচ্ছে।
জামায়াত আমির বলেন, গণতন্ত্র কেবল সরকার গঠনের সাময়িক প্রক্রিয়া নয়। এটি মানুষের মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার, বাকস্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রধান ভিত্তি।
তিনি বলেন, গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ স্বৈরাচার, শোষণ ও বৈষম্য থেকে মুক্ত থেকে অগ্রগতির পথে এগোতে পারে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ
শফিকুর রহমান অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে জনগণ ভোটাধিকার, ন্যায়বিচার, সামাজিক সুরক্ষা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে সুসংহত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া প্রয়োজন।
জামায়াত আমির বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধার করেছে। স্বৈরাচারী মনোভাব ও ক্ষমতার অপব্যবহারের কারণে বিভিন্ন সময়ে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
‘জুলাই বিপ্লব ব্যর্থ হতে দেওয়া যাবে না’
বিবৃতিতে তিনি বলেন, ছাত্র-জনতার জুলাই আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা ব্যর্থ হতে দেওয়া যাবে না। বৈষম্যমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ইনসাফ, সততা ও মানবিক মূল্যবোধনির্ভর বৈষম্যমুক্ত সমাজ গঠনে গণতন্ত্রের বিকল্প নেই।
গণতন্ত্রকে সুসংহত ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান দলটির আমির।
দলীয়করণমুক্ত প্রশাসনের দাবি
শফিকুর রহমান বলেন, সমতা, আইনের শাসন, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় তাঁর দল কাজ করছে।
তিনি প্রশাসনকে সংকীর্ণ দলীয়করণ থেকে মুক্ত করা, ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ করা এবং শাসনব্যবস্থাকে স্বচ্ছ ও গণমুখী করার আহ্বান জানান।
একই সঙ্গে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, ন্যায্য নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের জন্য দেশের মানুষের প্রতি আহ্বান জানান জামায়াত আমির।



