চীনের ছিংতাও বন্দরে পণ্যবাহী জাহাজে আগুন, নিহত ২৫

মেরামতের সময় ‘ওশান মেলোডি’ জাহাজে আগুন; ১২ জনকে নিরাপদে সরানো হয়েছে, আহত পাঁচ

চীনের ছিংতাও বন্দরে মেরামতের জন্য নোঙর করা একটি পণ্যবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

জাহাজটির নাম ‘ওশান মেলোডি’। এটি লাইবেরিয়ার পতাকাবাহী এবং ছিংতাওয়ের বেইহাই শিপবিল্ডিং কোম্পানিতে মেরামতের কাজ চলছিল। ঘটনার সময় জাহাজটিতে মোট ৪২ জন ছিলেন। তাদের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং পাঁচজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। আহতদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

উদ্ধার অভিযানের নির্দেশ শি জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বড় দুর্ঘটনা ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়নের কথাও বলেছেন তিনি।

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংও আটকে পড়াদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মেরামতের সময় আগুন

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে জাহাজটির ভেতর ও ডেক এলাকায় ধোঁয়া ও আগুন দেখা যায়। কয়েকজন কর্মীকে আগুন নেভানোর চেষ্টা করতেও দেখা গেছে। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

বেইহাই শিপবিল্ডিং চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের একটি প্রতিষ্ঠান। এটি জাহাজ নির্মাণ ও মেরামতের কাজ করে। ছিংতাও চীনের উত্তর-পূর্ব উপকূলের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর ও নৌপরিবহন কেন্দ্র।

spot_img
spot_img

অধিক পঠিত

Related Articles