‘আমরা আওয়ামী লীগের মতো দুর্নীতি করব না’: কায়কোবাদ

কুমিল্লা: বিএনপির নেতাকর্মীদের কোনো ধরনের অন্যায়, অত্যাচার ও অবিচারে জড়িত না হওয়ার আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, দল ক্ষমতায় থাকলেও নেতাকর্মীদের সততা বজায় রাখতে হবে এবং দুর্নীতি থেকে দূরে থাকতে হবে।

তিনি বলেছেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের আজ শপথ নিতে হবে—বিএনপির নেতাকর্মীরা আমরা কারও প্রতি অন্যায় করব না, অত্যাচার করব না, অবিচার করব না। আমরা আওয়ামী লীগের মতো দুর্নীতি করব না।”

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার জামিয়া ইসলামিয়া মুজাফফরুল উলুম মাদ্রাসা মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য কায়কোবাদ।

মুরাদনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

‘আমাদের হাতের মাধ্যমে যেন আরেক ভাই কষ্ট না পায়’

বিএনপি ক্ষমতায় আসার প্রসঙ্গ টেনে কায়কোবাদ বলেন, “আল্লাহ সাহায্য করেছেন বলেই আমরা ক্ষমতায় আসতে পেরেছি। আল্লাহ সাহায্য করেছেন বলেই আওয়ামী লীগ এই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে।”

ক্ষমতায় থাকার সুযোগকে ব্যক্তিগত বা দলীয় স্বার্থে ব্যবহার না করার জন্য নেতাকর্মীদের সতর্ক করেন ধর্মমন্ত্রী।

তিনি বলেন, “আমরা সৎভাবে জীবনযাপন করব। আমাদের হাতের মাধ্যমে যেন আরেক ভাই কষ্ট না পায়, আজকের এই দিনে আমাদের সেই শপথ নিতে হবে।”

তার বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের আচরণ ও দায়িত্বশীলতার বিষয়টি গুরুত্ব পায়।

তারেক রহমানের জন্য দোয়া চাইলেন

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচির কথাও তুলে ধরেন কায়কোবাদ।

তিনি দাবি করেন, বাংলাদেশে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা দেওয়ার মতো উদ্যোগের পরিকল্পনা তারেক রহমানের।

কায়কোবাদ বলেন, “বাংলাদেশে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতার মতো উদ্যোগগুলোর স্বপ্নদ্রষ্টা একমাত্র তারেক রহমান।”

তিনি উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের তারেক রহমানের জন্য দোয়া করার আহ্বান জানান।

ধর্মমন্ত্রী বলেন, “আপনারা তারেক রহমানের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাঁকে হেফাজত করেন এবং তিনি যেন দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারেন এবং তাঁর সিদ্ধান্তগুলো যেন বাস্তবায়ন করতে পারেন।”

সংখ্যালঘুদের নিরাপত্তার ওপর গুরুত্ব

বক্তব্যে দেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার বিষয়েও বিএনপির নেতাকর্মীদের সতর্ক করেন ধর্মমন্ত্রী।

তিনি বলেন, “সংখ্যালঘু ভাই-বোনেরা যেন আমাদের মাঝে মাথা উঁচু করে বাঁচতে পারে, তাদের ওপর যেন কোনো ধরনের জুলুম-অত্যাচার না হয়—সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।”

ধর্মমন্ত্রীর এই বক্তব্য এমন সময়ে এলো, যখন বিএনপি সরকার পরিচালনার পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কর্মকাণ্ড ও আচরণের বিষয়েও দলীয় শৃঙ্খলার ওপর গুরুত্ব দিচ্ছে।

মুরাদনগরে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, আব্দুল আজিজ মোল্লা, শাহ আলম সরকার ও ফারুক সরকার মজিব।

এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাছির উদ্দিন, উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান, জিসাসের সভাপতি জসিম উদ্দিন এবং জাসাসের সভাপতি আবু বকর সিদ্দিক বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি এবং যুবদল, কৃষক দল, ওলামা দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও দলের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আমিনুল ইসলাম।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। এ বছর দলটি প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করেছে।

spot_img
spot_img

অধিক পঠিত

Related Articles