দেশের বিদ্যুৎ খাতে স্বনির্ভরতা অর্জনে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, শিগগিরই জাতীয় সংসদ ভবনকে সম্পূর্ণ সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে। পাশাপাশি দেশের বাসাবাড়িতেও সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির এ তথ্য জানিয়েছেন।
গ্যাস, কয়লা ও সৌরবিদ্যুৎ ব্যবহারে গুরুত্ব
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিদ্যুতের চাহিদা পূরণে নতুন গ্যাসকূপ খননের কাজ চলছে। একই সঙ্গে দেশের নিজস্ব কয়লা সম্পদ ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ভবিষ্যতে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেলে এবং নিজস্ব কয়লার পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো সম্ভব হলে বিদ্যুৎ খাতের ওপর চাপ অনেকটাই কমে আসবে বলে তিনি উল্লেখ করেন।
তারেক রহমান বলেন, গ্যাস ও কয়লার পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে বিদ্যুৎ নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমে আসবে।
এদিকে, বুধবার জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ পাস হয়েছে। দেশে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম সম্প্রসারণ ও দ্রুততর করার লক্ষ্যে বিলটি আনা হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের পক্ষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বিলটি উত্থাপন করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
একই দিন সংসদ ভবন এলাকায় সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে গঠিত কমিটির সভায় ত্রয়োদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরুর আগেই সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
দেশের সম্পদ কাজে লাগানোর আহ্বান
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
দেশের সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব ভবিষ্যতে তরুণ প্রজন্মকেই নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
সরকার শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে।
শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেই সরকারের নেওয়া উদ্যোগগুলো সফল হবে বলে তিনি মন্তব্য করেন।
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার পরামর্শ
মতবিনিময়কালে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা এবং শিল্প-সংস্কৃতিচর্চায় অংশ নেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, শুধু ভালোভাবে পড়ালেখা করলেই চলবে না, নিয়মিত খেলাধুলায় অংশ নিতে হবে। একই সঙ্গে চিত্রকলা, সংগীত ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করতে হবে।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এসব কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন তিনি।
ভাষাগত দক্ষতা অর্জনের ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্তত একটি তৃতীয় ভাষা শেখার পরামর্শ দিয়ে তিনি বলেন, একাধিক ভাষায় দক্ষতা অর্জন করলে ভবিষ্যতে শিক্ষার্থীদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
সংসদ ভবন পরিদর্শনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা
বুধবার জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে যান।
তাঁদের মধ্যে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম থেকে একাদশ শ্রেণির ৫২ জন শিক্ষার্থী ছিলেন। তাঁদের সঙ্গে পাঁচজন শিক্ষক ও প্রতিষ্ঠানের সভাপতিসহ মোট ৫৮ জন উপস্থিত ছিলেন।
এ ছাড়া সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর সংসদ সদস্য সেলিনা সুলতানার মাধ্যমে ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজের ১২ জন শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন করেন।
সংরক্ষিত মহিলা আসন-৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিনের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পিরোজপুরের (ডুসাপ) ৫১ জন শিক্ষার্থী সংসদ ভবনে আসেন।
অন্যদিকে, সংরক্ষিত মহিলা আসন-৬-এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুষ্টিয়া জেলার ৪০ জন শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শনে অংশ নেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে শিক্ষার্থীরা সংসদ ভবন সম্পর্কে একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। পরে তাঁরা সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশগ্রহণ করেন।



