নিজের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন বক্তব্য ও প্রতিক্রিয়ার জবাব দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। তাঁর অভিযোগ, হামলা, দখলদারিত্ব ও এ-সংক্রান্ত প্রমাণের বিষয়গুলো এড়িয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বারবার ‘চাঁদাবাজ’ শব্দটি ব্যবহার করায় তাঁর চেয়ে তারাই বিষয়টিকে বেশি সামনে এনেছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন সালমান মুক্তাদির।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার সঙ্গে যে অপরাধটা ঘটে গেছে, তার প্রমাণ, দাবি এবং দখলদারিত্বের বিষয়গুলো এড়িয়ে “চাঁদাবাজ” এতবার বলেছেন যে, চাঁদাবাজির ব্র্যান্ডিংটা আমার থেকে বেশি আপনারা করেছেন।’
‘আমাকে বস্তি, টিকটকার বলা হয়েছে’
সালমান বলেন, তাঁকে ‘বস্তি’ ও ‘টিকটকার’ বলে সমালোচনা করা হলেও তিনি সেসব নিয়ে আপত্তি করেননি। তবে তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার মূল বিষয়গুলো নিয়ে আলোচনা না করে ভিন্ন বক্তব্য সামনে আনা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘এখানে কোথাও আমি মানুষ বা যে অপরাধটা ঘটে গেছে, যে দখলদারিত্ব, যে দাবি, যে সংজ্ঞাগুলো, যত প্রমাণ—সবকিছু এড়িয়ে “চাঁদাবাজ” এতবার নিজেরা বলছেন যে, আপনাদের চাঁদাবাজির ব্র্যান্ডিংটা আমার থেকে বেশি আপনারা করে ফেলেছেন।’
‘সুবিধাপ্রাপ্ত হয়েও নিরাপত্তা পেলাম না’
নিজের ঘটনাকে দেশের সাধারণ মানুষের নিরাপত্তার সঙ্গে যুক্ত করে সালমান বলেন, গত কয়েক দিনে জাতীয় টেলিভিশন, সংবাদমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বিপুলসংখ্যক মানুষের কাছে পৌঁছেছে।
তিনি বলেন, ‘বাংলাদেশের বর্তমান অবস্থা কী? যেখানে আমি একজন সুবিধাপ্রাপ্ত হওয়ার পরও নিরাপত্তাটা পেলাম না। আমি একজন সুবিধাপ্রাপ্ত হওয়ার পরও কোনো ধরনের সাড়া, আন্তরিকতা, সহমর্মিতা বা মানবিকতা পাইনি।’
দেশের সাধারণ মানুষের সঙ্গে ঘটে যাওয়া অপরাধের ঘটনায় আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।
সালমান বলেন, ধর্ষণ, হত্যা, দখল, চাঁদাবাজি, ছিনতাই বা সন্ত্রাসের মতো অপরাধের শিকার সাধারণ মানুষের অধিকারের বিষয়গুলো সামনে আনা প্রয়োজন। রাজনীতিবিদ বা তাঁর মতো পরিচিত ব্যক্তিদের পরিবর্তে সাধারণ মানুষের ঘটনায় গণমাধ্যম একই ধরনের গুরুত্ব দিলে সেটি বেশি কার্যকর হবে বলে মন্তব্য করেন তিনি।
‘বিএনপি একটি সংগঠন, মানুষ নয়’
বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন ধরনের বক্তব্যের প্রসঙ্গ তুলে সালমান বলেন, ‘বিএনপি কোনো মানুষ নয়, বিএনপি একটি সংগঠন। বিএনপি কিংবা অন্য যেকোনো রাজনৈতিক দলে ভালো এবং খারাপ মানুষ থাকতে পারে।’
একই ঘটনা নিয়ে বিএনপির বিভিন্ন পর্যায় থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য আসছে দাবি করে তিনি বলেন, এসব বক্তব্যের মধ্যে ২০ থেকে ৩০ ধরনের আলাদা বয়ান রয়েছে।
বিএনপি নেতাকর্মীদের একটি অভিন্ন বক্তব্যে আসার আহ্বান জানিয়ে সালমান বলেন, ‘আপনাদের একটা সুন্দর বয়ানে আসা উচিত, অভিন্ন বয়ান। আমার প্রস্তাব হচ্ছে, আপনারা একটা অভিন্ন বয়ানে আসেন, সেটারও জবাব দিতে পারি।’
স্টুডিওতে হামলা ও লুটপাটের অভিযোগ
গত শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বরসংলগ্ন দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন এলাকায় সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিও’তে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ঘটনার পর ফেসবুক লাইভে সালমান অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় রাজনৈতিক মদদপুষ্ট ব্যক্তিরা তাঁর স্টুডিওতে হামলা চালিয়েছেন। হামলাকারীরা ক্যামেরা, সিসিটিভি সরঞ্জাম ও ল্যাপটপসহ মূল্যবান ইলেকট্রনিক সরঞ্জাম এবং গ্রাহকদের গুরুত্বপূর্ণ ফুটেজ নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনাটি নিয়ে পরবর্তী সময়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।
জমির দখল নিয়ে বিরোধের তথ্য পুলিশের
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মহানগর পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, হামলার পেছনে নিউগিনি প্রপার্টিজ আবাসন এলাকার প্রায় ৩৫ কাঠা জমির দখল নিয়ে বিরোধ ছিল। সালমান মুক্তাদিরের স্টুডিও ওই এলাকার মধ্যে থাকায় হামলার শিকার হয়।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কয়েকজনকে আটক করে। ভাঙচুরের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।



