আজ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

৪০ বছর পর আবারও ইউএনজিএ সভাপতির পদে বাংলাদেশ; ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গ্রহণ করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় বিকেল ৩টায় ৮১তম অধিবেশনের উদ্বোধন করবেন তিনি। এর মাধ্যমে প্রায় চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে আসছেন একজন বাংলাদেশি।

৯৯ ভোট পেয়ে নির্বাচিত

গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস. কাকুরিস পান ৯১ ভোট।

মোট ১৯০টি ভোট পড়ে এবং কোনো ভোট বাতিল হয়নি। জাতিসংঘের আঞ্চলিক আবর্তন পদ্ধতি অনুযায়ী এবার সাধারণ পরিষদের সভাপতির পদটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত ছিল।

চার দশক পর বাংলাদেশ

এর আগে ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।

ড. খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণের মাধ্যমে ৪০ বছর পর বাংলাদেশ আবার এই পদে ফিরছে।

অধিবেশনের প্রতিপাদ্য

৮১তম অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All”।

বাংলায় এর ভাবার্থ—আস্থা পুনঃপ্রতিষ্ঠা, পরিবর্তন ব্যবস্থাপনা এবং সবার জন্য কার্যকর জাতিসংঘ গড়ে তোলা।

ড. খলিলুর রহমান তাঁর গ্রহণ-বক্তব্যে বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি আস্থা পুনর্গঠন, শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু কার্যক্রম, মানবাধিকার, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উদীয়মান প্রযুক্তির শাসন এবং জাতিসংঘ সংস্কারের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন।

রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব দেওয়ার আশা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে আরও দৃশ্যমান করবে।

তিনি বিশেষভাবে রোহিঙ্গা সংকটের কথা উল্লেখ করে বলেন, এই অবস্থান বাংলাদেশের জন্য বিষয়টি আন্তর্জাতিক এজেন্ডায় আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ তৈরি করবে।

সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির অবশ্য বলেছেন, সাধারণ পরিষদের সভাপতি কোনো নির্দিষ্ট দেশের প্রতিনিধি হিসেবে কাজ করেন না; তাঁকে জাতিসংঘের ১৯৩ সদস্যরাষ্ট্রের প্রতি নিরপেক্ষ থাকতে হয়। বাংলাদেশের জন্য এই দায়িত্বের সুফল কতটা কাজে লাগানো যাবে, তা ঢাকার কূটনৈতিক তৎপরতার ওপরও নির্ভর করবে বলে তিনি উল্লেখ করেন।

পরবর্তী মহাসচিব নির্বাচনের সময়ও দায়িত্বে থাকবেন

ড. খলিলুর রহমানের এক বছরের সভাপতিত্বের সময়েই জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন প্রক্রিয়া চলবে।

বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর ২০২৬। ফলে তাঁর উত্তরসূরি বাছাইয়ের গুরুত্বপূর্ণ সময়টিও ৮১তম অধিবেশনের মধ্যেই পড়ছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হওয়ার কথা ২২ সেপ্টেম্বর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেবেন।

spot_img
spot_img

অধিক পঠিত

Related Articles